ফরমালিনে ফল রপ্তানি ব্যাহত

এ দেশ থেকে কয়েক বছর ধরেই বাড়ছিল বিভিন্ন ধরনের ফলের রপ্তানি।কিন্তু গেল বছর তাতে ভাটার টান পড়েছে। কমে গেছে ফল রপ্তানি।
সরকারি সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে এ দেশ থেকে যেখানে বিভিন্ন দেশে সাত কোটি ১৮ লাখ ৯২ হাজার ৪০৯ ডলারের ফল রপ্তানি হয়েছিল, সদ্য সমাপ্ত অর্থবছরে রপ্তানি হয়েছে ছয় কোটি ১৮ লাখ ৩৬ হাজার ৩৪৬ ডলারের ফল। আগের বছরের চেয়ে রপ্তানি কমেছে ১৪ শতাংশ।
ফল রপ্তানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশি ফলের মধ্যে বিশ্ববাজারে মৌসুমি ফলের চাহিদাই বেশি। কাঁঠাল, আম, বাতাবি লেবু, আনারস, বাউকুল, কলা, আমড়া, পেয়ারা, লিচু, লটকন, জাম ও ডালিমের মতো মৌসুমি ফল বেশি পছন্দ বিদেশি ক্রেতাদের। তাঁরা জানান, স্বাদ ও মানের কারণে বিশ্ববাজারে বাংলাদেশি ফলের চাহিদা রয়েছে।
ইপিবি বলছে, ২০০৮-০৯ অর্থবছরে এ দেশ থেকে ফল রপ্তানি হয়েছে এক কোটি ৬৬ লাখ ৭২ হাজার ৮৫৬ ডলার। পরের বছর ফল রপ্তানি হয়েছে এক কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৫২৯ ডলারের। ২০১০-১১ অর্থবছরে তিন কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ৩৮৫ ডলারের ফল রপ্তানি হয়েছে। পরের বছর এ দেশ থেকে ফল রপ্তানি হয়েছে পাঁচ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৫২৪ ডলারের।
কিন্তু গেল বছর ফলের রপ্তানি কমেছে। রপ্তানিকারকেরা বলছেন, কয়েকটি কারণে এটি হয়েছে। তবে বড় কারণ হলো বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে এ দেশের ফল সম্পর্কে নেতিবাচক ধারণা। তাঁরা মনে করেন, দেশের প্রায় সব ফলেই এখন ফরমালিন দেওয়া হয়। এ কারণে তাঁরা দেশীয় ফল খাওয়া কমিয়ে দিয়েছেন। এর প্রভাব পড়েছে সামগ্রিক ফল রপ্তানিতে।
বাংলাদেশ ফল, সবজি এবং এ-সংক্রান্ত পণ্য রপ্তানিকারক সমিতির (বিএফভিএপিইএ) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, বিভিন্ন ফলে, বিশেষ করে আমে ফরমালিন মেশানোর বিষয়টি এতটা নেতিবাচকভাবে দেশের গণমাধ্যমে উঠে এসেছে যে তা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে দেশি আম সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে।এ কারণে আমের রপ্তানি গত বছর কমেছে। একইভাবে অন্যান্য ফলের রপ্তানিও কমেছে।
আরেকজন ফল রপ্তানিকারক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘রপ্তানিসংক্রান্ত কাজে গত মাসে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম।সেখানে বসবাসরত বাঙালিরা ফরমালিনের ভয়ে বাংলাদেশে ফল নিয়ে আতঙ্কে আছেন। তাঁরা ফল খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছেন। পরিচিতজনেরা আমাকে পেয়ে রীতিমতো
অপমানই করেছেন। বলেছেন, “আপনারা ফলে ফরমালিন দেন, ইতা খাইতাম না।” তাঁদের বোঝানোই যাচ্ছে না যে ফলে ফরমালিন নেই।’
ইপিবির একজন কর্মকর্তা বলেছেন, এ দেশ থেকে প্রতিবছরই কাজের খোঁজে মানুষ বিভিন্ন দেশে যাচ্ছে। তারাই যেহেতু এ দেশি ফলের প্রধান ক্রেতা, তাই ফলের রপ্তানিও বাড়ছিল। কিন্তু এবার রপ্তানি কমে গেছে। রপ্তানিকারক এবং বিদেশি মিশনগুলোতে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এর একটি বড় কারণ এ দেশি ফল সম্পর্কে ফরমালিন আতঙ্ক।
ফল রপ্তানিকারক সমিতির তথ্য অনুযায়ী, অপ্রচলিত পণ্য হিসেবে ১৯৭৪ সালে দেশীয় ফল ও সবজি রপ্তানি শুরু হয়। এর পর থেকে প্রতিবছরই বিভিন্ন দেশে ফল রপ্তানি হয়ে আসছে।
বাংলাদেশ থেকে যত ফল রপ্তানি হয় তার উল্লেখযোগ্য অংশ ক্রয় করে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা। এ ছাড়া, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় বাংলাদেশি ফলের ভালো চাহিদা রয়েছে।
ইপিবির তথ্যে দেখা যাচ্ছে, গেল অর্থবছরে সবচেয়ে বেশি ফল রপ্তানি হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। সে দেশে রপ্তানি হয়েছে ছয় কোটি সাত লাখ ১৭ হাজার ২১২ ডলারের ফল। দ্বিতীয় অবস্থানে আছে সিঙ্গাপুর, সেখানে রপ্তানি হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৯৫১ ডলারের ফল। তৃতীয় অবস্থানে থাকা সৌদি আরবে রপ্তানি হয়েছে দুই লাখ ৬৭ হাজার ৮৭৮ ডলারের ফল। ভারতে কয়েক বছর ধরে ফল রপ্তানি বাড়ছে।
এ দেশি ফলের একটি বড় বাজার হলো যুক্তরাজ্য। অবশ্য গেল অর্থবছরে দেশটিতে ফল রপ্তানি বেশ কমেছে। সে কারণে বেশি রপ্তানি হওয়া দেশের তালিকায় নিচের দিকেই এবার যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে গত বছর ফল রপ্তানি হয়েছে দুই লাখ ২৯ হাজার ৯৭৩ ডলারের।
সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, যুক্তরাজ্যে বেশি রপ্তানি হয় কাঁঠাল ও আম। গত বছর জুন-জুলাই মাসে (যে সময়টায় আম-কাঁঠাল দুটোরই মৌসুম) যুক্তরাজ্যে রোজা থাকায় ফল রপ্তানি বেশ কমে যায়। এ বছরও এমনটা হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া, চীনেও বেশ ফল রপ্তানি হয়। সে দেশে গত বছর রপ্তানি হয়েছে ৬০ হাজার ১৯৭ ডলারের ফল। কানাডাতে রপ্তানি হয়েছে ৩৯ হাজার ৮৬০ ডলারের ফল।
রপ্তানি যে বাড়ানো যাচ্ছে না এর আরেকটি বড় কারণ হিসেবে পরিবহন ব্যয় বেশি হওয়াকে চিহ্নিত করেছেন রপ্তানিকারকেরা। তাঁরা বলছেন, বিমানে করে ফল রপ্তানি করতে হয়। প্রতি কেজি ফল পরিবহন করতে ১৪০ থেকে ১৯০ টাকা পর্যন্ত ব্যয় হয়। এত বেশি পরিবহন ব্যয়ের কারণে অনেক ব্যবসায়ী রপ্তানি কমিয়ে দিয়েছেন।
ইপিবির একজন কর্মকর্তা বলেন, ফল রপ্তানিকারকদের সমস্যাগুলো পর্যালোচনা করা হচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বর্তমানে ফল চাষের আওতায় আছে দেশের মোট জমির প্রায় ২ শতাংশ। প্রতিবছর গড়ে এক লাখ ৮০ হাজার হেক্টর জমিতে ফলের আবাদ হয় এবং বার্ষিক ফলের উৎপাদন প্রায় সাড়ে ১৫ লাখ টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রায় দুই কোটি বসতবাড়ি রয়েছে। বর্তমানে ফল চাষের অধীন জমির ৮০ শতাংশই বসতবাড়ির অন্তর্ভুক্ত। অবশিষ্ট ২০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে আম, কাঁঠাল, কলা, পেঁপে, নারকেল ও আনারস চাষ করা হচ্ছে। তবে ফল চাষের সঙ্গে কত মানুষ জড়িত, এর কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।