ফরাসউদ্দিন কমিটি রিজার্ভ চুরির তদন্ত শুরু করেছে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার ঘোষিত তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন কেন্দ্রীয় ব্যাংকে কাজ শুরু করেছেন। গতকাল দুপুরে তিনি কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে কমিটির জন্য নির্ধারিত কক্ষে কাজ শুরু করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘তদন্তকাজ শুরু করেছি। অফিস করতেছি। ৩০ দিন সময় পেয়েছি। সহযোগিতা পেলে ভালো কিছু হবে।’
তিন সদস্যের কমিটির অন্য দুই সদস্য হলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস। কমিটি আজ বুধবার থেকে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও এস কে সুর চৌধুরীর মাঝে নতুন করে ব্যাংকের বিভিন্ন বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। নতুন গভর্নর হিসেবে ফজলে কবির দায়িত্ব নেওয়ার পর নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়। এখন থেকে আবু হেনা মোহা. রাজী হাসান ডেপুটি গভর্নর-১ ও এস কে সুর চৌধুরী ডেপুটি গভর্নর-২ হিসেবে অভিহিত হবেন।
ডেপুটি গভর্নর-১ কে অফ সাইট সুপারভিশন, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, ব্যাংক পরিদর্শন, বৈদেশিক মুদ্রা পরিদর্শন, কমন সার্ভিসেস, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন, ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট সেল, গবেষণা সেল, পরিসংখ্যান, মনিটরি পলিসি, মানবসম্পদ, আইটি অপারেশন অ্যান্ড কমিউনিকেশন, ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট, বৈদেশিক মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ, ফরেন এক্সচেঞ্জ অপারেশন ও অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডেপুটি গভর্নর-২ কে ব্যাংকিং প্রবিধি ও নীতি, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার, কৃষি ঋণ, ডিপোজিট ইনস্যুরেন্স, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, সাসটেইনেবল ফিন্যান্স, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, ফিন্যান্সিয়াল ইন্টিগ্রেটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস, ফিন্যান্সিয়াল ইনক্লুশন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, পেমেন্ট সিস্টেমস, কারেন্সি ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং, ডেট ম্যানেজমেন্ট, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট, আইন বিভাগ, কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশনস, নিরাপত্তা ব্যবস্থাপনা ও স্পেশাল স্টাডিজ সেলের দায়িত্ব দেওয়া হয়েছে।