ফরিদ উদ্দিনের ছয় বছরে খেলাপি ঋণ তিন গুণ

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এম ফরিদ উদ্দিনের যোগ দেওয়ার বছর ২০১০ সালে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ৭৯০ কোটি টাকা। বর্তমানে এই ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ হাজার ৩৪১ কোটি টাকা।
ছয় বছরে তিন গুণ খেলাপি ঋণ বাড়িয়ে ব্যাংকটি থেকে শেষ পর্যন্ত বিদায় নিতে যাচ্ছেন এম ফরিদ উদ্দিন। আগামী ৬ জুলাই তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তিন দফা বাড়ানোর পর সোনালী ব্যাংকের এমডির মেয়াদ যেমন চতুর্থ দফা আর বাড়েনি, ফরিদ উদ্দিনের মেয়াদও বাড়ছে না। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে গতকাল মঙ্গলবার এমন আভাস পাওয়া গেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা গতকাল বলেন, ‘রাষ্ট্রমালিকানাধীন কোনো ব্যাংকের এমডির মেয়াদই আর বাড়ানো হচ্ছে না—মন্ত্রণালয় নীতিগতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে।’
নিয়মবহির্ভূত ঋণ দেওয়ার কারণেই খেলাপি ঋণের হার বৃদ্ধিতে এ অবস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যাংকের কর্মকর্তারা। আগামী ৬ জুলাই ফরিদ উদ্দিনের মেয়াদ শেষ হলেও ঈদের ছুটি শুরু হওয়ায় কাল বৃহস্পতিবার শেষ কার্যদিবস তাঁর।
রূপালী ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১০ সালে খেলাপি ঋণ ছিল ৭৯০ কোটি টাকা। এর পরের বছরে তা কিছুটা কমে এলেও ২০১২ সালের শেষ দিক থেকে বাড়তে থাকে। ২০১৪ সালে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫১৯ কোটি টাকা এবং ২০১৫ সালে ২ হাজার ৩৪১ কোটি টাকা। অর্থাৎ ২০১৪ থেকে ২০১৫ সময়ে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে ৫৪ দশমিক ১২ শতাংশ।
খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় মূলধন ঘাটতিতেও পড়েছে রূপালী ব্যাংক। ২০১০ মালে মূলধন উদ্বৃত্ত ছিল ৯২ কোটি টাকা, ২০১৫ সালে উল্টো ঘাটতি দাঁড়িয়েছে ২২৮ কোটি টাকা। এ ছাড়া ২০১০ সালে অবলোপন করা ঋণ ছিল ৮৪২ কোটি টাকা, ২০১৫ সালে তা দাঁড়িয়েছে ১ হাজার ১৯ কোটি টাকা।
তবে একই সময়ে ব্যাংকটির আমানত-ঋণ দুই-ই বেড়েছে। ২০১০ সালে আমানত ছিল ৯ হাজার ১২৪ কোটি টাকা, ২০১৫ সাল হয়েছে ২৫ হাজার ১৯৫ কোটি টাকা। ২০১০ সালে ঋণ ছিল ৬ হাজার ৩২৩ কোটি টাকা, ২০১৫ সালে হয়েছে ১৩ হাজার ৭৭১ কোটি টাকা।
যোগাযোগ করলে এম ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের পদ্ধতিগত পরিবর্তনের কারণে তাঁর ব্যাংকে খেলাপি ঋণ বেড়ে গেছে। আর মূলধন ঘাটতি সরকারকে পূরণ করতে হবে বলে মনে করেন তিনি।
২০১০ সালের ১৮ মার্চ রূপালী ব্যাংকের এমডি পদে নিয়োগ পান ফরিদ উদ্দিন। এরপর তিন দফায় তাঁর মেয়াদ বাড়ানো হয়।
রূপালী ব্যাংকের সূত্রগুলো জানায়, স্থানীয় কার্যালয়ের ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মাদার টেক্সটাইল, মাদারীপুর স্পিনিং মিলস, বেনিটেক্সসহ কয়েকটি প্রতিষ্ঠানের ঋণই বিপাকে ফেলেছে ব্যাংকটিকে। এর মধ্যে মাদার টেক্সটাইলের ৬৩৪ কোটি টাকা ঋণ পুনর্গঠন করে ২০৩০ সাল পর্যন্ত তা পরিশোধের সুযোগ দিয়েছে রূপালী ব্যাংক। মাদারীপুর স্পিনিং মিলসকে দেওয়া ৩৯৪ কোটি টাকা ঋণ নিয়েও বিপাকে রয়েছে ব্যাংকটি।