ফরিদপুর চিনিকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন
ফরিদপুর চিনিকলের এ মৌসুমের আখ মাড়াই শেষ হয়েছে। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ চিনিকলের আখ মাড়াই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়, যা শুরু হয় গত ২০ নভেম্বর।জানা গেছে, এবার ৯০টি কর্মদিবসে মোট ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ছয় হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু ৮১ কর্মদিবসে ৮৭ হাজার ৩৬২ মেট্রিক টন আখ মাড়াই করে নয় দিন আগেই মিলটি বন্ধ করা হয়।তবে আখ মাড়াই কম হলেও এবার চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। নয় দিন আগে মিলটি বন্ধ হয়ে গেলেও চিনি উৎপাদিত হয়েছে সাত হাজার ৩৫ মেট্রিক টন, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৮৫ মেট্রিক টন বেশি।ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমলকান্তি সরকার প্রথম আলোকে বলেন, গুড়ের কারখানায় বিক্রি করে দাম বেশি পাওয়ায় চাষিরা মিলে আখ সরবরাহ করেছেন কম, যে কারণে মৌসুম শেষ হওয়ার আগেই চিনিকল বন্ধ করে দিতে হয়েছে।