ফরিদপুরে খোলাবাজারে চালের দাম বেড়েছে
ফরিদপুরে মোটা, মাঝারি, সরু—সব ধরনের চালের দাম বেড়েছে। গত পাঁচ দিনে প্রতি কেজিতে দাম বেড়েছে গড়ে দুই টাকা। খুচরা বিক্রেতাদের অভিযোগ, মিলার ও পাইকারি বিক্রেতাদের কারসাজিতে দাম বেড়েছে। পক্ষান্তরে পাইকারি বিক্রেতারা বলছেন, কৃষক মিলে ধান সরবরাহ না করায় চালের দাম বেড়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত পাঁচ দিনে খোলাবাজারে অস্ট্রেলিয়ান ইরির চাল প্রতি কেজি ২৮ থেকে বেড়ে ৩১ টাকা, স্বর্ণা ২৯ দশমিক ৫০ থেকে ৩২ দশমিক ৫০, মিনিকেট ৩৭ দশমিক ৫০ থেকে ৩৯ দশমিক ৫০, কাজল লতা ৩৪ থেকে ৩৬, ইরি-২৮ নম্বর ৩২ থেকে ৩৪, ইরি-২৮ এক নম্বরটা ৩৩ থেকে ৩৫ ও ইরি-২৯ নম্বর ৩১ থেকে ৩৩ টাকা হয়েছে। বিক্রেতারা বলেন, বাজারে চালের ক্রেতা কম, সরকার সুলভমূল্যে বিভিন্ন পর্যায়ে চাল বিক্রি করছে, তারপরও চালের এ মূল্য বৃদ্ধি ঘটেছে মিলার ও পাইকারি বিক্রেতাদের কারসাজিতে। সাধারণত, বছরের এই সময় কখনোই চালের দাম বাড়ে না। ফরিদপুরের একাধিক পাইকারি চাল বিক্রেতা চালের মূল্য বৃদ্ধির কথা স্বীকার করে জানান, বর্তমানে মিলগুলো ধান পাচ্ছে না।