ফরিদপুরে রমজান মাসে দ্রব্যমূল্য তদারক করবে স্থানীয় চেম্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আসন্ন রমজান মাসে স্থানীয় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে নজরদারি করবে।
সভায় জানানো হয়, রমজান মাসে প্রশাসনও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। তবে ভ্রাম্যমাণ আদালতের নামে যাতে ব্যবসায়ীদের অযথা হয়রানি করা না হয়, সেদিকে নজর রাখবে চেম্বার। চেম্বারের সম্মেলনকক্ষে গত শনিবার অনুষ্ঠিত এক সভায় ব্যবসায়ীদের প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখা এবং ভেজালমুক্ত খাবার ও ফরমালিনমুক্ত ফল বিক্রির আহ্বান জানানো হয়। সভায় চেম্বারের সভাপতি আওলাদ হোসেন সভাপতিত্ব করেন। এতে জেলা বাজার কর্মকর্তা সাহাদাত হোসেন, চকবাজার বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ মাসুদ হোসেন, ব্যবসায়ী সমিতির সভাপতি দিল মোহাম্মদ, কানাইপুর বাজার বণিক সমিতির সভাপতি ফকির বেলায়েত হোসেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, ক্যাবের সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমেদ, চেম্বারের পরিচালক মো. আ. সালামসহ মো. মনোয়ার হোসেন, শফিকুজ্জামান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। আওলাদ হোসেন বলেন, চেম্বারের তদারকের অংশ হিসেবে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সচেতন করতে বাজারে লিফলেট বা প্রচারপত্র বিতরণ করা হবে। চেম্বারের উদ্যোগে ফলের আড়তগুলোয় টাঙানো হবে ‘আসুন আমরা ফরমালিনযুক্ত ফল বিক্রি ও কেনা থেকে বিরত থাকি’ শীর্ষক ব্যানার।