ফরিদপুরে হঠাৎ চালের দাম কেজিতে ৪-৫ টাকা বেড়েছে
ফরিদপুরে হঠাৎ করে চালের দাম কেজিপ্রতি চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে। বিশেষ করে ২৫ টাকার মোটা চাল এখন বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে। এতে সাধারণ আয়ের ক্রেতারা বিপাকে পড়েছেন।
এদিকে ব্যবসায়ীরা চালের মূল্য বৃদ্ধির জন্য মিল মালিকদের দায়ী করেছেন। জেলা বাজার কর্মকর্তাও স্বীকার করেছেন মূল্য বৃদ্ধির সত্যতা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহের বেশি সময় ধরে ফরিদপুর শহরের হাজি শরীয়তউল্লাহ বাজার ও চকবাজারে প্রতি কেজি ইরি ২৮ ও ২৯ চাল বিক্রি হচ্ছে ৩৮ টাকায়; যা এর আগে ৩৩ টাকা কেজি দরে পাওয়া যেত। ৪০ টাকা কেজির মিনিকেট চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। আর প্রতি কেজি স্থানীয় বাসমতী চালের দাম ৪৬ থেকে বেড়ে ৫০ টাকায় উঠেছে।
চালের মূল্য হঠাৎ বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ আয়ের মানুষ। তারা সরকারের কাছে চালের দাম বাড়ার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছে।
শহরের আলীপুর এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, আগে কাজললতা চাল প্রতি কেজি ৩৬ টাকায় কেনা যেত। এখন তা ৪২ টাকা দরে কিনতে হচ্ছে। সে জন্য তিনি বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানান সরকারের কাছে।
জানতে চাইলে চকবাজারের চাল ব্যবসায়ী অজিত কুমার সিংহ প্রথম আলোকে বলেন, ফরিদপুরের ব্যবসায়ীরা কুষ্টিয়ার খাজানগর, যশোরের চৌগাছা ও শেরপুর থেকে চাল আনেন। সেসব মোকামে সরবরাহ কম হওয়ায় চালের দাম কেজিপ্রতি চার থেকে পাঁচ টাকা করে বেড়েছে।
চকবাজার চাল ব্যবসায়ী সমিতির সভাপতি জয় গোবিন্দ সাহা চালের মূল্য বৃদ্ধির জন্য মিল মালিকদের দায়ী করে বলেন, তাঁরা মূল্য বৃদ্ধি করার কারণেই বাজারে চালের দর বেড়েছে।
চালের মূল্য বৃদ্ধির সত্যতা স্বীকার করে জেলা বাজার কর্মকর্তা মো. শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, বোরো মৌসুম শেষ হয়ে গেছে। বর্তমানে বাজারে আউশের চাল এলেও তা পরিমাণে কম। সরকারিভাবে চাল সংগ্রহের সময়কাল হলো মে থেকে জুন মাস পর্যন্ত। কিন্তু এবার সরকারিভাবে চাল কেনা শুরু হয় আগস্টে এবং বাজারের তুলনায় সরকারের বেঁধে দেওয়া দাম বেশি। এ ছাড়া বর্তমানে কৃষকের সংগ্রহে তেমন ধান নেই। তাই মিল মালিকদের চাহিদার তুলনায় বাজারে ধানের সরবরাহ কম। এসব কারণেই মূলত চালের দাম বেড়েছে।