ফরিদপুরে হঠাৎ চালের দাম বৃদ্ধি কারণ তদন্তে কমিটি গঠন
খোলা বাজারে হঠাৎ করে মোটা চালের দাম বাড়ার কারণ অনুসন্ধান এবং এর পেছনে অসাধু ব্যবসায়ীদের কারসাজি আছে কি না, তা তদন্ত করে দেখতে ফরিদপুরে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) শফিকুর রেজা বিশ্বাসকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এএসপি (হেড কোয়ার্টার) মনিরা সুলতানা, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আওলাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহ আলম, জেলা বাজার কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক শেখ ফয়েজ আহমেদ ও জেলা দ্রব্যমূল্য-সংক্রান্ত টাক্সফোর্স কমিটির সদস্য সাহেব সরোয়ার।জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত জেলা দ্রব্যমূল্য-সংক্রান্ত টাক্সফোর্স কমিটির এক সভায় এ তদন্ত কমিটি গঠন করা হয়। এতে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ সভাপতিত্ব করেন।সভায় দায়িত্ব পালনে অবহেলার জন্য জেলার বিএসটিআই ও ফরিদপুর পৌরসভার স্যানিটারি কর্মকর্তাকে সতর্ক করে সঠিকভাবে বাজার মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের নকল, ভেজাল, অস্বাস্থ্যকর খাবার ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।