ফল দিচ্ছে তিন খামারির স্বপ্নের ‘ফুল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের বাগানে শহীদুল ইসলাম ও মামুনুর রশিদ (সামনে)
ছবি: সোয়েল রানা

হরেক রকম ফলের বিশাল বাগান। এখন অবশ্য আমই বেশি। গাছে গাছে কাঁচা–পাকা আম জড়িয়ে আছে আমদানি করা বিশেষ ধরনের কাগজের ব্যাগে। ব্যাগের ভেতরে কার্বন, ওপরে ওয়াটারপ্রুফ মোটা কাগজ। আবার ওই ব্যাগের ওপরে আছে একধরনের নেটের তৈরি ফ্রুট ব্যাগ, যেটি ঝোলানো হয়েছে গাছে গুটি আসার পর। পাকা আমগুলো এ ব্যাগেই ঝরে পড়ার পর সংগ্রহ করে বাজারে নেওয়া হয়।

‘ফুল অ্যাগ্রো ফার্ম লিমিটেড’ নামের এ বাগান ইতিমধ্যে এলাকায় বেশ সাড়া জাগিয়েছে। এটি গড়ে তুলেছেন বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের মাগুড়াতাইর গ্রামের শহীদুল ইসলাম এবং ভাটরা গ্রামের দুই খামারি সহোদর—মামুনুর রশিদ ও সোহেল রেজা। তিন উদ্যোক্তার দাবি, এটি একটি সমন্বিত ‘বিষমুক্ত নিরাপদ ফলবাগান’। এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। কাগজ ও নেটের ব্যাগে ব্যবহারের অভিনব পদ্ধতি রোদ-শিলাবৃষ্টি ও ক্ষতিকর কীটপতঙ্গ থেকে আম রক্ষা করে।

৪০ বিঘার এ বাগানে রয়েছে থাই কাটিমন, গৌরমতী, বারি-১১ ও কলা আকৃতির আম ‘ব্যানানা ম্যাঙ্গো’ জাতের ৯ হাজার বারোমাসি আমগাছ। আমের সাথি ফসল হিসেবে আছে অস্ট্রেলিয়ান বল সুন্দরী, কাশ্মীরি-১ ও ২, বাউকুল-৩–সহ নানা জাতের কয়েক হাজার বরইগাছ। ৮ বিঘায় লাগানো হয়েছে থাই-৭, সুপার-১০ ও গোল্ডেন-৮ জাতের পেয়ারাগাছ। ১০ বিঘায় করা হয়েছে মাল্টাবাগান। চার হাজার গাছে ঝুলছে টসটসে লেবু। বাগানের এক পাশে গড়ে তোলা হয়েছে বিদেশি নানা ফলের চারা উৎপাদনের নার্সারি।

বাগানের উদ্যোক্তারা জানান, এ মৌসুমে তাঁরা এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ টাকার মাল্টা ও বরই এবং ৫০ লাখ টাকার পেয়ারা, বারোমাসি আম ও লেবুর চারা বিক্রি করেছেন।

নিজেদের বাগানে মামুনুর রশিদ (সামনে)
ছবি: সোয়েল রানা

ফল চাষে আশার আলো

শহীদুল ইসলাম জানান, ১৯৯১ সালে শেরপুর ডিজে হাইস্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি হলেও আর লেখাপড়া হয়নি। ১৯৯৪ সালে তিনি মালয়েশিয়া যান। ২০০১ সালে দেশে ফিরে প্রথমে দুগ্ধ ও হাঁসের খামার করে ব্যর্থ হন। লোকসান হয় দেড় লাখ টাকা। পরে শেরপুর সদরে ক্লিনিক ব্যবসা শুরু করেন। অভিজ্ঞতা না থাকায় সেখানেও বিপর্যয়। এতে লোকসান হয় তিন লাখ টাকা। ২০০৭ সালে বিদেশে লোক পাঠানোর ব্যবসায় নেমে দালালের খপ্পরে পড়ে মোটা অঙ্কের লোকসান দেন। আবার মামলারও মুখোমুখি হন।

এ রকম দুরবস্থার মধ্যে শহীদুল ইসলাম মাগুড়ারতাইর গ্রামে তিন বিঘা পৈতৃক জমিতে বাউকুল চাষ করে সফলতা পান। তিনি বলেন, ‘২০০৮ সালে ১১ বিঘা জমি পত্তন নিয়ে “ফুল অ্যাগ্রো ফার্ম” নামে একটি বাগান করি। বাগানে বাউকুলের চারা লাগাই। প্রচুর ফল হয়। কিন্তু এক–এগারোর রাজনৈতিক পরিস্থিতির কারণে ১০ লাখ টাকা লোকসান হয়। এরপর ২০১০ সালে থাই-৭ পেয়ারার চাষ শুরু করি। দুই বছরে ২০ লাখ টাকা লাভ হয়। ২০১৬ সালে পেয়ারার সঙ্গে সাথি ফসল মাল্টা চাষ শুরু করি। ২০১৭ সালে বন্যার কারণে আবার মোটা অঙ্কের লোকসান হয়।’ এরপর সোহেল রেজা ও মামুনুরকে সঙ্গে নিয়ে শুরু হয় তাঁর নতুন যাত্রা।

বিষমুক্ত সবজি থেকে শুরু

অন্যদিকে শেরপুর উপজেলার ভাটরা গ্রামের দুই খামারি সহোদর সোহেল রেজা ও মামুনুর রশিদ শৈশব থেকেই পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবা সাইফুল ইসলামের সঙ্গে খেতখামারে কাজ করতেন। কিন্তু ধান চাষে উৎপাদন খরচ ওঠে না। তাই ২০০১ সালে স্থানীয় ভিমজানি উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ার সময় সোহেল ও মামুনুর সবজি চাষ শুরু করেন। ২০০৫ সালে সাত বিঘা জমিতে জৈব সার ও কীটনাশকের বদলে ভেষজ গাছের রস ছিটিয়ে করলা, শিম, ফুলকপি, বাঁধাকপিসহ হরেক রকমের বিষমুক্ত ও নিরাপদ সবজি চাষ করে সাড়া ফেলে দেন। তা নিয়ে ২০১০ সালে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়।

২০১১ সালে সোহেল রেজা ও মামুনুর রশিদ দুজনই বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে সমাজকর্ম বিষয়ে মাস্টার্স পাস করেন। ২০১৩ সালে বিষমুক্ত নিরাপদ সবজি চাষের জন্য মামুনুর ‘দেশসেরা কৃষক’ হিসেবে পুরস্কার পান। ওই বছরই খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের জন্য সরকারিভাবে তাঁকে থাইল্যান্ড পাঠানো হয়। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে থাই পেয়ারা, বারোমাসি আমসহ নানা ফল উৎপাদন ও বাজার ব্যবস্থাপনার ওপর হাতে–কলমে সাত দিনের প্রশিক্ষণ নেন। থাইল্যান্ড থেকে ফিরে সোহেলকে নিয়ে তিন বিঘা জমিতে প্রথমে থাই পেয়ারা চাষ শুরু করেন মামুন। সোহেলও বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি থেকে বারোমাসি আম চাষে প্রশিক্ষণ নেন।

মামুনুর রশিদ বলেন, ‘কিছুদিন দুই ভাই চাকরির পেছনে ছোটাছুটি করি। শেষে বিষমুক্ত নিরাপদ ফল চাষে ঝুঁকলাম। পাঁচ বিঘার বাগানে পেয়ারা-মাল্টার সঙ্গে ১০ হাজার ফলদ চারার নার্সারি শুরু করি।’

নিজেদের বাগানে শহীদুল ইসলাম ও মামুনুর রশিদ (সামনে)
ছবি: সোয়েল রানা

‘ফুল’ দিচ্ছে দারুণ ফল

শেরপুরের মাগুড়ারতাইর ও ভাটরা গ্রামের দূরত্ব ৮-১০ কিলোমিটার। মাগুড়ারতাইর গ্রামের শহীদুল ইসলাম ‘ফুল অ্যাগ্রো খামার লিমিটেড’ নামে যে খামার শুরু করেছিলেন, তার অর্ধেকের অংশীদার এখন দুই সহোদর মামুনুর রশিদ ও সোহেল রেজা। তিনজনই খামার দেখভাল করেন।

শহীদুল বলেন, ‘২০১৭ সালের বন্যায় বাগানের বেশ ক্ষতি হওয়ায় বড় লোকসানে পড়ি। এতে হতাশ হয়েছিলাম। তখন একদিন ভাটরা গ্রামের দুই শিক্ষিত তরুণ সোহেল ও মামুনের নারকেল, মাল্টা, পেয়ারা, লেবু ও কুলবাগান এবং নার্সারি দেখতে যাই। সেখানে গিয়ে পরিশ্রমী দুই ভাইয়ের কর্মযজ্ঞ দেখে মুগ্ধ হই। ওই দিনই তাঁদেরকে আমার খামারের ৫০ শতাংশ শেয়ার ছেড়ে দিই। ২০১৮ সালে ১৫০টি আমগাছ দিয়ে নতুন করে বাগান গড়া শুরু। বাগানে ২০-২৫ জন শ্রমিক প্রতিদিন কাজ করছেন। নার্সারি থেকে চারা কিনে বাগান করে অনেকেই বেকারত্ব ঘোচাচ্ছেন।

মামুনুর রশিদ বলেন, ‘শহীদুল ইসলাম দেশসেরা খামারি হতে চান। তাঁর স্বপ্নপূরণের জন্যই একসঙ্গে যৌথ খামারের ব্যবসায় রাজি হলাম। থাইল্যান্ডে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিষমুক্ত নিরাপদ ফলবাগান গড়ায় মন দিলাম। ১৩ বিঘা থেকে মাত্র দুই বছরে এখন বাগানের পরিধি ৪০ বিঘায় উঠেছে। এ বছর বাগান থেকে প্রায় এক কোটি টাকা আয় করেছি।’

শেরপুর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, ‘শিক্ষিত দুই তরুণ কীটনাশক ছাড়াই বিষমুক্ত সবজি চাষ করে এলাকায় সাড়া ফেলেছিলেন। এখন তাঁরা বিষমুক্ত নিরাপদ ফল চাষে ঝুঁকেছেন। চাকরির পেছনে না ছুটে খামার গড়ে এলাকার শিক্ষিত তরুণদের সামনে তাঁরা দৃষ্টান্ত স্থাপন করেছেন।’