ফলন ও দাম না পেয়ে হতাশ বাদামচাষিরা
বগুড়ায় যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে এবার রেকর্ড পরিমাণ জমিতে চিনাবাদামের চাষ হলেও ফলন যেমন ভালো হয়নি, তেমনি কৃষকেরাও ন্যায্য দাম পাচ্ছেন না।
কৃষকেরা বলেন, নদীতে আগেভাগে পানি বাড়ায় তাঁদের খেত থেকে তড়িঘড়ি করে বাদাম তুলে মাড়াই শেষ করতে হয়েছে। তা আবার বাজারে নিয়ে গত বছরের অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে।
কৃষকেরা আরও জানান, গত বছর বিঘাপ্রতি গড়ে আট মণ করে ফলন হয়েছিল। মণপ্রতি দাম পাওয়া গিয়েছিল এক হাজার ৮০০ টাকা থেকে দুই হাজার টাকা। এ বছরে বিঘাপ্রতি ফলন হয়েছে পাঁচ থেকে ছয় মণ। আর বিক্রি করতে হচ্ছে ৮০০-৯০০ টাকা মণ দরে। অথচ শহরের পাইকারি দোকানে এই বাদাম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকা দামে।
বাজারের ব্যবসায়ী ও মাঠের মধ্যস্বত্বভোগীরাই এবরে লাভ তুলে নিচ্ছে বলে কৃষকেরা অভিযোগ করেন।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হাসান মো. বজলুর রশীদ জানান, চলতি বছরে এই জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ৭০-৮০টি চরের ৮০০ হেক্টর জমিতে চিনাবাদামের চাষ হয়েছে।
রোববার সারিয়াকান্দির মথুরাপুর বাজারে খেতের চিনাবাদাম বিক্রি করতে এসেছিলেন মূলবাড়ি চরের কৃষক ফরিদুল ইসলাম ও জহুর আলী। তাঁরা জানান, গতবার দুই হাজার টাকা মণ দরে বাদাম বিক্রি হলেও এবার ক্রেতা যেমন কম তেমনি দামও ভালো নয়।