ফলন-পরবর্তী অপচয়ে বাড়ছে কৃষিপণ্যের দাম
বাংলাদেশে সবজি ও ফলের ফলন-পরবর্তী অপচয়ের পরিমাণ চার কোটি টাকা। সঠিক পদ্ধতিতে সংরক্ষণ ও পরিবহন না হওয়ায় এ অপচয় রোধ করা যাচ্ছে না। ফলে কৃষিজাত পণ্যের দাম বেড়ে যাচ্ছে কয়েক গুণ।‘কৃষি ও কৃষি খাতের আধুনিকায়ন, অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ তথ্য জানান। তাঁরা বলেন, আলাদা হিমাগার তৈরি ও শীতাতপনিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা করতে পারলে এ অপচয় অনেকাংশেই কমানো সম্ভব।রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ভবন মিলনায়তনে গতকাল শনিবার এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ কৃষিভিত্তিক পণ্য উত্পাদক ও ব্যবসায়ী সমিতি (বিএপিএমএ)।সেমিনারে একটি প্রবন্ধে জাতীয় কৃষিগত প্রযুক্তি প্রকল্পের লজিস্টিকস বিশেষজ্ঞ শ্রীকান্ত শীল বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা সংস্থার (বিরি) গবেষণা অনুযায়ী, ১৪টি সবজি ও ফলের ফলন-পরবর্তী অপচয়ের হার ২৬ দশমিক ৪ শতাংশ। টাকার অঙ্কে তা ২৬ লাখ ২৯ হাজার। তিনি বলেন, ঠিকমতো সবজি ও ফল মোড়কজাত ও পরিবহন করতে পারলে অপচয় রোধ করা সম্ভব। সরকার সার ও ডিজেলে যেভাবে ভর্তুকি দিচ্ছে, সেভাবে মোড়কজাত ও পণ্য পরিবহন খাতেও যদি ভর্তুকি দেয়, তাহলে অপচয় কমে আসবে।আরেক প্রবন্ধে ফলন-পরবর্তী মান নিশ্চয়তা বিশেষজ্ঞ মো. ছালেহ আহমেদ বলেন, ‘আমরা যত খাদ্যশস্য উত্পাদন করি তার এক শতাংশেরও কম প্রক্রিয়াজাত করি। মালয়েশিয়া করে ৮৩ শতাংশ এবং ব্রাজিলে এ হার ৭০ শতাংশ।’ খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে উত্পাদন বাড়ানো, পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণের বিষয়ে জোর দেন ছালেহ। সেমিনারে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন বারির ফুল বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কবিতা আনজু-মান-আরা।আলোচনা: সেমিনারের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত উত্পাদন করা যায়। এরপর আর তা বাড়ানো সম্ভব না। এ জন্য প্রয়োজনে কিছু পণ্য রপ্তানি করে তা দিয়ে পণ্য আমদানি করে দেশীয় চাহিদা মেটাতে হয়।বাণিজ্যমন্ত্রী বলেন, অনেকেই বাসমতি চাল রপ্তানির কথা বলে অন্য চাল রপ্তানি করেছিল বলে অভিযোগ পাওয়া যায়। তারপর চাল রপ্তানি বন্ধ করা হয়। তিনি বলেন, পণ্যের দাম বাড়ার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা সমস্যা নয়, সমস্যা হচ্ছে কারসাজিকারীরা।দেশে পণ্যের মানের যে সনদ দেওয়া হয় অনেক দেশেই তার গ্রহণযোগ্যতা না থাকার বিষয়টিও স্বীকার করেন বাণিজ্যমন্ত্রী। মৌসুম চলাকালে ওই পণ্যের আমদানি বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, বাজার খুবই স্পর্শকাতর জায়গা। এখন যদি কোনো পণ্যের আমদানি বন্ধ করে দেওয়া হয়, তাহলে পরদিনই সংকট দেখিয়ে ওই পণ্যের দাম বাড়িয়ে দেবেন ব্যবসায়ীরা।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে টিসিবির কাছে বাজার চাহিদার ২৫ শতাংশ পণ্য থাকতে হবে। কিন্তু টিসিবির গুদামে মাত্র তিন শতাংশ পণ্য রাখা যায়।সেমিনারে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, দেশের মোট সবজির ৫০ শতাংশ আসে উত্তরবঙ্গ থেকে। ঢাকায় আনার পথে অনেক সবজিই নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার ব্যয়টাও মধ্যস্বত্বভোগীরা মোট পণ্যের সঙ্গে যোগ করে। কৃষকেরা পণ্যের দাম পান না। তিনি বলেন, ‘রাজশাহীতে যে পেঁপের দাম পাঁচ টাকা, সেই পেঁপে ঢাকায় কিনছি ১০০ থেকে ১৫০ টাকায়। ওই ব্যবসায়ীদের যখন জিজ্ঞেস করি দাম এত বাড়ল কীভাবে? তারা যখন বলে রাস্তায় চাঁদা দিতে হয়েছে, পরিবহন খরচ হয়েছে, ব্যাংক ঋণের সুদ দিতে হয়েছে, পণ্য পচে গেছে। তখন আর আমাদের কিছু বলার থাকে না।’এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, সবজি ও ফলের জন্য আলাদা হিমাগার করা যায় কি না, সেটি এখন ভেবে দেখতে হবে। এটা করা গেলে কৃষিপণ্যের মূল্য সংযোজনও হবে, অপচয়ও কমে আসবে।এসএমই মালিক সমিতির সভাপতি আলী জামান বলেন, সব পণ্যের ক্ষেত্রেই শুধু রপ্তানির আলোচনা হয়। অথচ অভ্যন্তরীণ চাহিদাই অনেক বেশি। অভ্যন্তরীণ চাহিদা পূরণ হয় না বলেই খাদ্যে মূল্যস্ফীতি ১১ শতাংশ ছাড়িয়ে গেছে।সেমিনারের সভাপতি বিএপিএমএর সভাপতি ম. রুহুল আমিন বলেন, কৃষকদের উন্নয়নের কথা সব সরকারই বলে। কিন্তু কোনো সরকারই কিছু করে না। প্রতিটি দলেরই কৃষক সংগঠন আছে, কিন্তু কৃষকদের উন্নতি হয় না।সেমিনারে স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামুজ্জামান, বাংলাদেশ নার্সারি মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নিম হাকিম, এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক, উপদেষ্টা মনজুর আহমেদ, সুপার মার্কেট মালিক সমিতির সভাপতি নিয়াজ রহিম প্রমুখ বক্তব্য দেন।