ফলমূলে ফরমালিন নেই বললেই চলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কারণে ফলমূলে ফরমালিনের ব্যবহার ব্যাপক হারে কমেছে বলে মনে করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘ফরমালিন এখন নাই বললেই চলে।’
শিল্পমন্ত্রী বলেন, চলতি মৌসুমে বিএসটিআই কমলা, মাল্টা, আপেল, আঙুর, তরমুজ, আম, কলা, নাশপাতি ও খেজুরের ১৯৩টি নমুনা পরীক্ষা করেছে। তবে এসব ফলমূলে কোনো ধরনের ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির হোসেন আমু। রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসটিআইয়ের মহাপরিচালক মো. সাইফুল হাসিব প্রমুখ।
শিল্পসচিব বলেন, ফরমালিন আমদানি ও সরবরাহ নিয়ন্ত্রণ করে জেলা প্রশাসন। আগের চেয়ে এটি কঠিন হয়েছে। এ কারণে অবস্থার উন্নতি হওয়ায় বর্তমানে পণ্যের মধ্যে ফরমালিনের উপস্থিতি কম। তাই ফরমালিনের আতঙ্ক কমে এসেছে।
ফরমালিনের ব্যবহার কমলেও ফলমূল পাকাতে কিন্তু কার্বাইড, ইথোফেনসহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। এসব রাসায়নিক পরীক্ষা করার সক্ষমতা বিএসটিআইয়ের আছে কি না, তা জানতে চান এক সাংবাদিক। জবাবে সংস্থাটির একজন কর্মকর্তা জানান, বিএসটিআইয়ের অনুমোদন ও সক্ষমতা কোনোটাই নেই। এ সময় মন্ত্রী ও সচিব উভয়েই বলেন, বিএসটিআইয়ের সক্ষমতা বাড়ানো হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পবিত্র রমজান মাসে খাদ্যে ভেজাল রুখতে বিএসটিআই ঢাকায় প্রতিদিন চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। আর জেলা পর্যায়ে প্রতিদিন কমপক্ষে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এ ছাড়া উপজেলা পর্যায়েও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিএসটিআই।
শিল্পমন্ত্রী বলেন, রমজান মাসে মানুষ যাতে নিরাপদ পানি দিয়ে ইফতার করতে পারেন, সেই উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চপর্যায়ের সার্ভিল্যান্স (নজরদারি) টিম দিয়ে লাইসেন্সপ্রাপ্ত পানি কারখানার স্বাস্থ্যসম্মত পরিবেশ, পরীক্ষণ ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা তদারক করা হচ্ছে। যেসব পানির কারখানা অবৈধভাবে ড্রিংকিং ওয়াটারের নামে পানি বাজারজাত করছে, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিল্পমন্ত্রী আরও জানান, খাদ্যে ভেজাল রোধে গত ১১ মাসে বিএসটিআই ৬০২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। মামলা দায়ের হয়েছে ৮৭৪টি। ২৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। ১৭টি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া প্রায় ৪ কোটি ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একাধিক সাংবাদিক জানান, বিএসটিআই ভেজাল কারখানা সিলগালা করে দেওয়ার কয়েক দিন পরই সেগুলো আবারও চালু হয়ে যাচ্ছে। তখন বিএসটিআই পাল্টা পদক্ষেপ নেয় না। এ বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআইয়ের নিজস্ব পুলিশ বাহিনী নেই। সে জন্য স্থানীয় প্রশাসন ও জনগণকে কিছু দায়িত্ব নিতে হবে। পবিত্র রমজানে খাদ্যে ভেজাল রুখতে ভোক্তাদের আশপাশের পুলিশ সদস্যদের কাছে অভিযোগ করতে বলেন তিনি। এ সময় একজন সাংবাদিক একটি হটলাইন চালু করার পরামর্শ দিলে শিল্পমন্ত্রী বলেন, ‘আচ্ছা, দেখা যাবে। এটি ভালো প্রস্তাব।’