ফলাফল পেতে মরিয়া চেষ্টা

সময়সূচি অনুসারে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন শেষ হওয়ার কথা। কিন্তু এটা কি ফলাফলশূন্যভাবে শেষ হবে? গতকাল দিনভর বালিতে সম্মেলনস্থলজুড়ে এটাই ছিল জোর আলোচনা।
ইন্দোনেশিয়া দ্বীপ প্রদেশ বালির নাসু দুয়া আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিএনডিসিসি) গত মঙ্গলবার থেকে ডব্লিউটিওর নবম মন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। এবারের সম্মেলনে তিনটি বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছার মাধ্যমে বালি প্যাকেজ চূড়ান্ত করার চেষ্টা হচ্ছে। এগুলো হলো: বাণিজ্য সহজীকরণ, খাদ্যনিরাপত্তার সঙ্গে সাযুজ্যপূর্ণ কৃষি ভর্তুকি ও এলডিসিগুলোর সুবিধা।
দিনের প্রথম ভাগে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এক সংবাদ সম্মেলনে আগের দিনের অনড় অবস্থান আরও জোরের সঙ্গে পুনর্ব্যক্ত করায় বালি সম্মেলন নিষ্ফল হওয়ার শঙ্কা জোরদার হয়েছে। শর্মা স্পষ্ট ভাষায় বলেন, ‘মন্দ কোনো চুক্তি হওয়ার চেয়ে কোনো চুক্তি না হওয়া ভালো।’ তিনি এও জানিয়ে দেন, খাদ্যনিরাপত্তার বিষয়ে ভারত কোনোভাবেই ছাড় দেবে না।
অর্থাৎ বালি সম্মেলনে যদি কোনো সমঝোতা হতেই হয়, তাহলে কৃষি ভর্তুকির নিয়মকানুন পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিয়েই তা করতে হবে। শর্মা দাবি করেন, ভারতের এই দাবির সঙ্গে বিশ্বের সেই সব দেশ সম্মত আছে, যেসব দেশে বিশ্বের প্রায় চার-পঞ্চমাংশ মানুষ বসবাস করে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ডব্লিউটিওতে খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণের এই দাবি কোনো রাজনৈতিক বা নির্বাচনী বিষয় নয়। ২০০৫ সালে হংকং সম্মেলনের ঘোষণাতেই বিষয়টি উল্লেখ করা আছে। এর পর থেকে বারবার এটা নিয়ে আলোচনা হচ্ছে। কাজেই ভারত হঠাৎ করে এটা তুলে আনেনি।
বিশ্লেষকেরা অবশ্য শর্মার এই বক্তব্যকে পুরোপুরি গ্রহণ করছেন না। এ প্রসঙ্গে বালিতে অবস্থানরত সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সামনে ভারতে নির্বাচন। আর খাদ্যনিরাপত্তা বিলটি নির্বাচন সামনে রেখে করা হয়েছে। কাজেই ভারতের পক্ষে এখন এ ক্ষেত্রে ছাড় দেওয়া প্রায় অসম্ভব।
উল্লেখ্য, খাদ্যনিরাপত্তা আইন অনুসারে ভারত দেশটির ৭০ কোটি গরিব ও মধ্যবিত্ত মানুষকে ভর্তুকি মূল্যে খাদ্য বিতরণ করবে। এ জন্য কৃষি ভর্তুকি এতটা বাড়াতে হবে, যা ডব্লিউটিওর নির্ধারিত ১০ শতাংশ সীমা ছাড়িয়ে যাবে। আর তাই কৃষিবাণিজ্যের ভর্তুকির নিয়মে পরিবর্তন চায় ভারত।
আনন্দ শর্মা বলেন, ভারত চায় না, বালি সম্মেলন ব্যর্থ হোক। তবে অতীতে একাধিকবার ডব্লিউটিও সম্মেলন কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তাতে ডব্লিউটিওর পতন হয়নি, সংস্থাটি অপ্রাসঙ্গিক হয়ে যায়নি। তিনি আরও বলেন, ‘আমরা সমঝোতা করতে এসেছি, ভিক্ষা চাইতে নয়, আপস করতে নয়। কেন শুধু উন্নয়নশীল ও গরিব দেশগুলোকেই বারবার আপস করতে হবে?’
এদিকে আগের দিনই অনড় থাকার ঘোষণার পরিপ্রেক্ষিতে গতকাল সকালে এলডিসিভুক্ত কয়েকটি দেশের সাংবাদিকদের সঙ্গে পৃথক আলাপচারিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) মিশেল ফ্রোম্যান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ট্রেড কমিশনার কারলে দ্য গুচ ভারতের এহেন অবস্থানের সমালোচনা করেন।
মিশেল ফ্রোম্যান বলেন, খাদ্যনিরাপত্তা ও দারিদ্র্য বিমোচন নিয়ে উদ্বেগ যুক্তিসংগত। আর তাই আমেরিকা বরাবরই এ বিষয়ে সচেতন। বিভিন্ন দেশকে এ জন্য সাহায্যও দিয়ে আসছে। কাজেই কেউ যদি তার দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চায়, তাতে কারোরই আপত্তি নেই। কিন্তু, সেটা করতে গিয়ে যদি অন্যদের খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তা গ্রহণযোগ্য নয়।
ভারতের দিকে ইঙ্গিত করে ফ্রোম্যান বলেন, ‘তোমরা যদি খাদ্যমজুত গড়ে তোলো এবং পরে তা আবার সস্তায় বিশ্ববাজারে ছেড়ে দাও, তাহলে তো ডব্লিউটিওর শৃঙ্খলা রক্ষিত হবে না।’
কারলে দ্য গুচ বলেন, এটা সমঝোতা করার জায়গা। অথচ ভারত বলছে, খাদ্যনিরাপত্তার বিষয়টি সমঝোতামূলক নয় (নন-নেগোশিয়েবল)। তা ছাড়া, খাদ্যনিরাপত্তা শুধু ভারতের জন্য নয়, বিশ্বের আরও অনেক দেশের জন্য গুরুত্বপূর্ণ। গরিব মানুষ শুধু ভারতে নয়, আরও অনেক দেশে আছে। তিনি বলেন, ভারত যদি বিরাট খাদ্যমজুত গড়ে তোলে এবং সেখান থেকে বিশ্ববাজারে ছাড়ে, তাহলে ইইউর তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু খাদ্য রপ্তানিকারক এশিয়ার বিভিন্ন দেশ সমস্যায় পড়তে পারে। এসব দেশের মধ্যে আছে থাইল্যান্ড, পাকিস্তান, কম্বোডিয়া ও বাংলাদেশ।
বড় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া ও ব্রাজিল ভেতরে ভেতরে একটা মধ্যস্থতার জন্য কাজ করছে বলে জানা গেছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে টেলিফোন করবেন বলে গতকালই জাকার্তা পোস্ট পত্রিকায় শীর্ষ সংবাদ প্রকাশিত হয়।
সর্বোপরি ডব্লিউটিওর মহাপরিচালক রবার্তো আজেভেদো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেন শেষ পর্যন্ত একটি সমঝোতায় আসা যায়।