ফলে রাসায়নিকের ব্যবহার বন্ধে নীতিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসায়নিকের মাধ্যমে ফল পাকানো বন্ধ করতে একটি নীতিমালা (গাইডলাইন) প্রণয়ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার এই নীতিমালাটি হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।
ফলে রাসায়নিকের ব্যবহার বন্ধে গত বছরের ২২ জুলাই দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন হাইকোর্ট। এ জন্য ছয় মাস সময়ও দেন। তারই আলোকে এই নীতিমালাটি হাইকোর্টে জমা দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয় গতকাল বুধবার বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এই নীতিমালার আওতায় একটি কেন্দ্রীয় পরিবীক্ষণ কমিটি থাকবে। এর সভাপতি হবেন অতিরিক্ত খাদ্যসচিব। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এই কমিটি গঠন হবে এবং কাজ করবে।
এই কমিটি ক্যালসিয়াম কার্বাইড, পিজিআরসহ অনুমোদিত রাসায়নিক কেনাবেচার রেজিস্টার ও গুদাম পরিদর্শন, ব্যবহার পরিবীক্ষণ করবে। কোনো অনিয়ম পাওয়া গেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা ম্যাজিস্ট্রেট প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
কমিটি মৌসুমি ফল বিশেষ করে আম, জাম, লিচু, কাঁঠাল, আনারস, পেয়ারা, কলা, পেঁপে, লেবু ইত্যাদিতে ক্যালসিয়াম কার্বাইড ও পিজিআরসহ অন্যান্য রাসায়নিক দিয়ে পাকানো ফলের স্বাস্থ্যগত ক্ষতির বিষয়টিও মানুষের কাছে তুলে ধরবে এবং সচেতন করবে।