ফাঁকিবাজি-অনিয়মে ভরপুর বিমা খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনবিমার ক্ষেত্রে দেশের বিমা খাত দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। এ তথ্য এসেছে বিমা-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা শুনে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি অবশ্য নিজেও বলেছেন, বিমা খাত ফাঁকিবাজি-অনিয়মে ভরপুর।
রাজধানীর দিলকুশায় গতকাল বৃহস্পতিবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন বক্তারা। অর্থমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম। আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ এতে সভাপতিত্ব করেন।
তবে এ খারাপ অবস্থার উন্নতি চায় সরকার। কিন্তু সে ক্ষেত্রেও সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না বিমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা। যেমন সরকার তার নিজের সম্পত্তিরই বিমা করছে না। আবার রাজধানীর আবাসিক ও বাণিজ্যিক—প্রায় সব ভবন এখনো বিমার আওতার বাইরে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘আইনে যেটুকু বাধ্যবাধকতা আছে, সেটুকুই বিমা হয় দেশে। যেমন বিমা ছাড়া ব্যাংকঋণ হয় না বলে মানুষ বিমা করে। কিন্তু সরকার তার নিজের সম্পত্তিরই বিমা করছে না।’
মাহবুবুর রহমান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নজর ব্যাংকের দিকে বেশি। বিভাগের নামটির সঙ্গে এমনকি বিমা শব্দটিও নেই।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন বলেন, যে দেশের অর্থনীতি যত সমৃদ্ধ, সে দেশের বিমা খাত তত প্রসারিত।
সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান সোহরাব উদ্দিন বলেন, বিমা খাত খুবই সম্ভাবনাময়। অথচ স্বাধীনতার পর জীবনবিমা পলিসি করার ক্ষেত্রে এ অঞ্চলে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থা ছিল শুধু ভারতের। এখন বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ। সরকারের নীতি-সহায়তা পেলে কয়েক বছরের মধ্যে এ খাত ঘুরে দাঁড়াবে।
জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান এম শামসুল আলম বলেন, বিমা আইন হলেও বিধিমালা তেমন হচ্ছে না। তবে বিভিন্ন আইনকানুন লঙ্ঘনের দায়ে যে জরিমানা করা হচ্ছে—এটা ভালো দিক। কিন্তু জরিমানাই স্থায়ী সমাধান নয়। সরকারি কর্মকর্তা দিয়ে জীবন বীমা করপোরেশনের বাণিজ্যিক কাজ করানো হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, এটা বন্ধ করা উচিত।
এসব কথার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বিমা খাতের দুর্নীতি-অনিয়ম নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি দুর্নীতি শব্দটি বলতে চাই না। বলা যায় এ খাত ফাঁকিবাজি-অনিয়মে ভরপুর। এই ফাঁকিবাজি যাতে না হয় সে জন্যই আইডিআরএর জন্ম হয়েছে।’
অর্থমন্ত্রী জানান, আইডিআরএ খুব ভালো কাজ করছে। তার প্রমাণ হচ্ছে সংস্থাটি কয়েক বছরে ১৩টি প্রবিধান পাস করেছে। তিনি বলেন, ‘এখন আমাদের কাজ দুটি, দক্ষ জনবল সৃষ্টি করা ও বিমা একাডেমিকে শক্তিশালী করা।’
সরকারি সম্পত্তি বিমার আওতায় আনার ব্যাপারে অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব কিছুই বলেননি।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের দিক থেকে পিছিয়ে বিমা খাত। একে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু নীতিমালা করা হলেও বিভিন্নভাবে তা আটকে দেওয়া হচ্ছে।
এরই মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম পরিবর্তন করে শুধু আর্থিক প্রতিষ্ঠান বিভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সচিব।
বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন বলেন, ‘বিমা খাত এত দিন অবহেলিত ছিল। আগে এমন একটা ভবনে ছিল এর নিয়ন্ত্রক কার্যালয়, ভাবতাম, কোথায় যাচ্ছি আল্লাহই জানেন। এখন সেটা দূর হয়েছে।’ বিমা একাডেমিকে আইডিআরএর আওতায় এনে শক্তিশালী করার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, দেশের অন্যতম বিমা-ব্যক্তিত্ব নাসির এ চৌধুরী, আইডিআরএর সদস্যকুদ্দুস খান প্রমুখ।