ফাইন ফুডসের চেয়ারম্যানসহ ছয়জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়ম ভঙ্গ করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের চেয়ারম্যানসহ ছয়জনকে তিন কোটি ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানা যায়।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইন ফুডস লিমিটেডের চেয়ারম্যান সুজিত সাহা কর্তৃক সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা, ১৯৯৫-এর বিধি ৩(১) এবং বিধি ৪(১) ভঙ্গ করায় তাঁকে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১৮ ধারা মোতাবেক ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুজিত সাহার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে ফাইন ফুডস লিমিটেডের শেয়ার-সংক্রান্ত অপ্রকাশিত তথ্যের ভিত্তিতে লেনদেন করে লাভবান হওয়ায় আরও ছয়জনকে তাঁদের লাভের সমপরিমাণ অর্থ জরিমানা করা হয়।এর মধ্যে জুতন সাহাকে ৪৪ লাখ টাকা, ক্ষমা সাহাকে এক কোটি ৮৫ লাখ টাকা, শিউলি সাহাকে ১৭ লাখ টাকা, জয়দেব কুমার সাহাকে ১০ লাখ ও শিপ্রা পালকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।এ ছাড়া সিকিউরিটিজ-সংক্রান্ত আইন ভঙ্গ করায় শঙ্কর কুমার রায়, শামসুল আলম, শাহ আলম মিন্টু, জাহাঙ্গীর আলম, সাজিয়া জেসমিন, আফজাল হোসেইন, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড (স্টক ব্রোকার), ব্যাংক এশিয়া লিমিটেড (স্টক ব্রোকার), আইএফআইসি ব্যাংক লিমিটেড (স্টক ব্রোকার), ন্যাশনাল ব্যাংক লিমিটেড (স্টক ব্রোকার) ও এম এইচ চৌধুরী সিকিউরিটিজ লিমিটেডের (স্টক ব্রোকার) প্রতি সতর্কীকরণ পত্র ইস্যুর সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়।এদিকে গতকালের সভায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিসার্চ অ্যানালাইসিস) রুলস, ২০১২ এবং সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিনিয়োগ উপদেষ্টা বিধিমালা, ২০১২ কিছু পরিবর্তন সাপেক্ষে অনুমোদন করা হয়। এ ব্যাপারে জনমত যাচাই করা হবে বলে জানা যায়।