ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন
হিসাব ও নিরীক্ষাকে অধিকতর জবাবদিহির আওতায় আনতে বহুল প্রতীক্ষিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) গঠন করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত রোববার এক প্রজ্ঞাপনে বলেছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫-এর ৩-এর উপধারা (১)-এ দেওয়া ক্ষমতাবলে সরকার ‘ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল’ নামে একটি কাউন্সিল প্রতিষ্ঠা করল।
কাউন্সিলে একজন চেয়ারম্যান, দশজন সদস্য ও একজন নির্বাহী পরিচালক থাকবেন। হিসাবরক্ষণ, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, ফাইন্যান্স বা ব্যাংকিং বিষয়ে ১৫ বছরের নির্বাহী কাজের অভিজ্ঞতাসম্পন্ন কাউকে চার বছরের জন্য এফআরসির চেয়ারম্যান নিয়োগ দেবে সরকার। চেয়ারম্যান তিন মাসে একবার কাউন্সিলের সভা ডাকবেন।
এদিকে এফআরসির চেয়ারম্যান নিয়োগ দিতে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদের নেতৃত্বে গত শনিবার তিন সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে।
আইন অনুযায়ী এফআরসির সদস্য হবেন অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, একজন ডেপুটি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একজন কমিশনার, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস বাংলাদেশের সভাপতি, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস বাংলাদেশের সভাপতি, সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক এবং এফবিসিসিআইয়ের সভাপতি। এফআরসির চেয়ারম্যান একজন নির্বাহী পরিচালক নিয়োগ দেবেন, যিনি হবেন একই সঙ্গে সংস্থাটির সদস্যসচিব।