ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বহুল প্রতীক্ষিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। সংস্থাটির প্রথম চেয়ারম্যান নিয়োগ পেলেন সাবেক স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুস্তাক আহমদ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ২ জুলাই তাঁকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে এবং একই দিন তিনি যোগ দেন।
যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য মুস্তাক আহমদকে এফআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বিসিএস প্রশাসন ক্যাডারে ১৯৮১ সালে যোগ দিয়ে মুস্তাক আহমদ ২০১৫ সালের ৮ জুলাই সরকারি চাকরি থেকে অবসরে যান।
জানতে চাইলে এফআরসির প্রথম ও নবনিযুক্ত চেয়ারম্যান সি কিউ কে মুস্তাক আহমদ গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বলা যায় সংস্থাটির যাত্রা শুরু হলো। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে কাউন্সিলের প্রথম বৈঠক ডাকা হবে।’
হিসাব ও নিরীক্ষাকে অধিকতর জবাবদিহির আওতায় আনতে সরকার গত বছরের এপ্রিলে এফআরসি গঠন করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উদ্যোগে তার আগের বছর পাস হয় ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন। তারও প্রায় ১ যুগের বেশি সময় ধরে আইনটি প্রণয়নের চেষ্টা করে এলেও নানা বিরোধিতায় সরকারগুলো তা আর পারেনি।
এফআরসিতে ১ জন চেয়ারম্যান, ১০ জন্য সদস্য ও ১ জন নির্বাহী পরিচালক থাকবেন। চেয়ারম্যান ৩ মাসে ১ বার কাউন্সিলের সভা ডাকবেন।
আইন অনুযায়ী এফআরসির সদস্য হবেন অর্থ মন্ত্রণালয়ের ১ জন অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের ১ জন অতিরিক্ত সচিব, ১ জন ডেপুটি মহা হিসাবনিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ ব্যাংকের ১ জন ডেপুটি গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের ১ জন সদস্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১ জন কমিশনার, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস বাংলাদেশের সভাপতি, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস বাংলাদেশের সভাপতি, সরকারি কোনো বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ১ জন অধ্যাপক এবং এফবিসিসিআইয়ের সভাপতি। এ ছাড়া এফআরসির চেয়ারম্যান একজন সদস্যসচিব নিয়োগ দেবেন।
২০১৫ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ পাস হয়। এতে বেসরকারি সংস্থা (এনজিও), কোম্পানি ও সরকারি স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর আর্থিক হিসাবের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এফআরসি প্রতিষ্ঠার বিধান রাখা হয়।