বাংলাদেশে ব্যবসা করার পরিবেশ আগের চেয়ে খারাপ হয়েছে। বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস রিপোর্ট ২০১৬ তে এই তথ্যই উঠে এসেছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন
প্রথম আলো: প্রতিবেদন অনুযায়ী, সহজে ব্যবসা করা যায় এমন ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৭৪। বাংলাদেশের বাস্তব অবস্থা কী?
সফিউল ইসলাম: বাংলাদেশের একজন ব্যবসায়ীকে ব্যবসা শুরু করতে বা আমদানি-রপ্তানি করতে গেলে ১৯-২০ প্রতিষ্ঠানের সনদ নিতে হয়। এ থেকে মুক্ত হতে দীর্ঘদিন ধরে আমরা ওয়ান স্টপ সার্ভিস চালুর বিষয়ে কথা বলে আসছি। আবার আমদানি-রপ্তানির ক্ষেত্রে বর্তমানে প্রয়োজন না হলেও আমদানি নিবন্ধন সনদপত্র (আইআরসি) ও রপ্তানি নিবন্ধন সনদপত্র (ইআরসি) বাধ্যতামূলকভাবে নিতে হয়। এসব করে একধরনের জটিলতার সৃষ্টি করে রাখা হয়েছে। ফলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে অনেক বিষয়ই যথাযথভাবেই উঠে এসেছে। তবে সমস্যা সমাধানে সরকারের রাজনৈতিক ইচ্ছা আছে, পরিকল্পনাও নিচ্ছে। কিন্তু সেসব বাস্তবায়নে শৈথিল্য দেখা যাচ্ছে। যেমন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ ছয়-সাত বছর ধরে চলছে। এখনো শেষ হয়নি। সরকার কিন্তু পরিকল্পনা করে বাজেট বরাদ্দ দিয়ে দিয়েছে। বাস্তবায়নকারী সংস্থাগুলো ঠিকঠাকভাবে করছে না। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। বাস্তবায়নকারীদের নিয়ন্ত্রণ ও জবাবদিহি বাড়ানো দরকার। কোনো ফাইল কোনো কারণ ছাড়া টেবিলে পড়ে থাকবে না, এটা নিশ্চিত করতে হবে।

প্রথম আলো: বিদ্যুৎ প্রাপ্তির ক্ষেত্রে ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশ সর্বশেষ অবস্থানে। আপনার পর্যবেক্ষণ কী?
সফিউল ইসলাম: একসময় বিদেশি কোম্পানিগুলো বলেছে, বাংলাদেশে গ্যাসের ওপর ভাসছে। বাস্তবে তেমন কোনো উন্নয়ন আমরা দেখছি না। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে না। ফলে জ্বালানি নিয়ে সরকার বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সময় পার করছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার ও মন্ত্রণালয়। এলএনজি আমদানি, কয়লাভিত্তিক ও নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্র স্থাপনে প্রকল্প নেওয়া হয়েছে। আসল কথা হচ্ছে, এগুলো নির্দিষ্ট সময়ে নিয়ে আসতে হবে। এ ছাড়া সময়মতো বিদ্যুৎ দিতে সরকারকে একটি সময়সীমা নির্ধারণ করতে হবে। ব্যবসায়ীদের বলতে হবে, এটা আমাদের বিদ্যুৎ নীতি। দেশের ব্যবসায়ীরা অনুপ্রাণিত হলে বিদেশিরাও বিনিয়োগে আসবে।
প্রথম আলো: দেশে জমি পাওয়াটা তো বড় সমস্যা। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও সেটি উঠে এসেছে। আপনার অভিজ্ঞতা কী?
সফিউল ইসলাম: জমি পাওয়া সাংঘাতিক সমস্যা। তবে সরকার অনেকগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা নিয়েছে। কয়েকটি বাস্তবায়নের পথে আছে। এগুলো হলে সমস্যা থাকবে না।
প্রথম আলো: রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যবসা সহায়ক কর-বান্ধব পরিবেশ বাংলাদেশে। এ তথ্য কি আপনি সমর্থন করেন?
সফিউল ইসলাম: ২০০৫ সালে কোটা পদ্ধতি উঠে যাওয়ার আগে বিশ্বব্যাংক বলেছিল, বাংলাদেশ থেকে পোশাকের ব্যবসা চলে যাবে। তবে বাস্তবতা হচ্ছে, বর্তমানে দেশের ৮০ শতাংশ রপ্তানি আয় এই পোশাক খাত থেকেই আসে। তাই বিশ্বব্যাংকের সব কথাই যে ঠিক, সেটি ভাবার কিছু নেই। ব্যবসায়ীদের গলা টিপে কর নেওয়া ও হয়রানি করে কর নেওয়া থেকে বেরিয়ে আসতে হবে। ট্রেড লাইসেন্সের ওপর কর পৃথিবীর কোথাও নেই, বাংলাদেশে আছে। আবার এমন সব পণ্যের ওপর মূল্য সংযোজন কর (মূসক) আরোপ করা হয়, যাতে কোনো মূল্যই সংযোজন হয়নি। এতে সাধারণ ব্যবসায়ীরা নিরুৎসাহিত হন। একই সঙ্গে কর না দেওয়ার মানসিকতাও পরিবর্তন করতে হবে ব্যবসায়ীদের।
- সাক্ষাৎকার নিয়েছেন: শুভংকর কর্মকার