ফাটকা বিনিয়োগ ব্যাখ্যার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিনিয়োগকে ফাটকাবাজারের সঙ্গে তুলনা করে দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের বক্তব্যের ব্যাখ্যা প্রদান করতে অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভর্নরের সঙ্গে মতবিনিময় করার জন্য সময় চেয়ে গত রোববার বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠিতে ডিএসইর পক্ষ থেকে এ ব্যাখ্যার অনুরোধ জানানো হয়।ডিএসইর সভাপতি শাকিল রিজভীর সই করা এই চিঠিতে গভর্নরের উদ্দেশে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য সার্বিকভাবে পুঁজিবাজারের জন্য ক্ষতিকর হতে পারে। এ অবস্থায় বিনিয়োগকারীদের শঙ্কামুক্ত করতে আপনার কাছ থেকে ইতিবাচক কিছু মতামত প্রত্যাশা করছি। পত্রিকায় প্রকাশিত ফাটকাবাজার শব্দটির ব্যাখ্যা দিয়ে বিনিয়োগকারীদের শঙ্কামুক্ত করলে পুঁজিবাজার তার আপন গতিতে এগিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’সম্প্রতি মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন, ‘ঋণের জোগান অনুৎপাদনশীল ও ফাটকাবাজারি খাতে ব্যবহারের প্রসার নিরুৎসাহিত করতে নজরদারি জোরদার রাখা হবে।’এ ছাড়া গত বৃহস্পতিবার রাজধানীর শেরাটন হোটেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, ফাটকাবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ কমানো প্রয়োজন। কারণ ব্যাংকিং খাতের বিনিয়োগ কোনোভাবেই ঝুঁকিপূর্ণ করা যাবে না।ডিএসইর চিঠিতে বলা হয়, পুঁজিবাজার স্বভাবগতভাবেই অত্যন্ত সংবেদনশীল, এখানে নীতিনির্ধারকদের যেকোনো মন্তব্য বড় ধরনের প্রভাব ফেলে। আর সাধারণ বিনিয়োগকারীরা এর শিকারে পরিণত হন।চিঠিতে বলা হয়, পৃথিবীর কোনো দেশে শেয়ারবাজার আজ আর কম গুরুত্বপূর্ণ খাত নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিসহ সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এক আবশ্যকীয় খাত। তা ছাড়া সাম্প্রতিক সময়ে দেশের শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তিতে কোনো ব্যর্থতা নেই। চিঠিতে আরও বলা হয়, দেশের ব্যাংকিং খাতে যে কুঋণ রয়েছে, তাও পুঁজিবাজারের মাধ্যমে সৃষ্টি হয়নি, বরং অর্থবাজারের মাধ্যমেই দেশের ব্যাংকিং খাতে কুঋণের সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলোর ভিত্তিতে এটা স্পষ্ট প্রতীয়মান হয় যে শেয়ারবাজারকে ফাটকাকারবারির স্থান বলে আখ্যায়িত করা যুক্তিসংগত নয়।চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজার কেবল শেয়ার কেনা-বেচার স্থান নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, সার্বিক অগ্রগতিতে অবদান রাখাসহ অর্থনৈতিক অগ্রগতির চাকা সচল রাখছে এই বাজার। বর্তমানে দেশের ২৬ লাখ মানুষ সরাসরি এবং পরোক্ষভাবে প্রায় এক কোটি মানুষ এর সঙ্গে জড়িত। শেয়ারবাজারের মূলধন বর্তমানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪৩ দশমিক ২০ শতাংশ। মাত্র দেড় বছর আগে এটি ছিল ১৮ শতাংশের মতো।