ফার কেমিক্যাল তথ্য লুকিয়ে তালিকাভুক্তির অনুমোদন পেল
প্রথমে তথ্য গোপন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন। তার ভিত্তিতে সাধারণ মানুষের কাছ থেকে আইপিওর অর্থ সংগ্রহ। সর্বশেষ গত ১৯ মে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ।
কিন্তু কোম্পানিটির চেয়ারম্যান আবিদ মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক কিম জং সুক দুজনই শেয়ারবাজার-সংশ্লিষ্ট জালিয়াতি মামলার আসামি। সেই তথ্য গোপন করা হয়েছে বিবরণীপত্রে।
প্রকাশিত বিবরণীপত্রের তথ্যের ভিত্তিতেই বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেন। এ কারণে কোম্পানির বিবরণীপত্র (প্রসপেক্টাস) আইনি দলিল হিসেবে স্বীকৃত। তাই বিবরণীপত্রে কোনো তথ্য গোপন করা, মিথ্যা তথ্য দেওয়া সিকিউরিটিজ আইনের লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের মামলা ও জরিমানার তথ্য গোপন করে সেই অপরাধটি করেছে ফার কেমিক্যাল। এ ধরনের অপরাধে পুরো আইপিও প্রক্রিয়াটি বাতিল করার আইনগত ক্ষমতা বিএসইসির আইনে রয়েছে। কিন্তু বিএসইসি সেই পথে যায়নি। এমনকি এখন পর্যন্ত এই অপরাধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে বিএসইসিকে এর দায় নিতে হবে বলে অভিমত বিশেষজ্ঞদের।
এর আগে অপর কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড বা কেপিপিএলের বেলায়ও এমন ঘটনা ঘটেছে। প্রথমে প্রসপেক্টাসে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়। পরবর্তীকালে বিভিন্ন সংবাদমাধ্যমে সেটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর পত্রিকায় বিজ্ঞাপন আকারে তথ্য সংশোধনী প্রকাশ করা হয়। ওই ঘটনায়ও বিএসইসি কোনো ব্যবস্থা নেয়নি। পরে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।
ফার কেমিক্যাল আইপিওর মাধ্যমে মার্চ মাসে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করেছে। ১৯ মে ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পাওয়ার ১০ দিন পর ২৯ মে দেশের চারটি সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করে মামলা-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি প্রসপেক্টাসে মামলার তথ্য প্রকাশ করা হতো তাহলে হয়তো অনেকে ওই কোম্পানির শেয়ারে আবেদন থেকে বিরত থাকতেন। কিন্তু টাকা তুলে নেওয়ার পর সংশোধনীর মাধ্যমে বিনিয়োগকারীদের এ ধরনের তথ্য জানানোর ফলে সেই সুযোগ ছিল না। এতে বিনিয়োগকারীদের ঝুঁকি রয়ে গেছে।
কোম্পানিটি আইপিও বিবরণীপত্রে বলেছে, কোম্পানির কোনো পরিচালক বা কর্মকর্তার বিরুদ্ধে গত ১০ বছরে কোনো ফৌজদারি মামলা হয়নি। কারও বিরুদ্ধে আদালত বা দেশি-বিদেশি নিয়ন্ত্রক সংস্থা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
জানা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যালের সহযোগী কোম্পানি আরএন স্পিনিংয়ের অধিকারমূলক বা রাইট শেয়ার নিয়েই জালিয়াতির ঘটনা ঘটান কোম্পানির পরিচালকেরা। আবিদ মোস্তাফিজুর রহমান ও কিম জং সুকও তাঁদের মধ্যে ছিলেন। সেই কারণে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির উপপরিচালক জিয়াউর রহমান বাদী হয়ে ২০১২ সালের ১০ অক্টোবর কোম্পানির সাত পরিচালক ও সচিবের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন। ১৯৮০ সালের দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৩৪ ধারায় করা ওই মামলায় আবিদ মোস্তাফিজুর রহমান ও কিম জং সুক অভিযুক্ত ছিলেন।
২০১২ সালের ১৯ সেপ্টেম্বর বিএসইসির ৪৪৫তম সভায় আরএন স্পিনিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। ২০১৩ সালের ৮ জানুয়ারি বিএসইসির ৪৬৪তম সভায় রাইট শেয়ার কেলেঙ্কারির দায়ে আরএন স্পিনিং মিলসকে ১০ লাখ টাকা, পরিচালক শিরিন ফারুক বাদে অন্য পরিচালকদের প্রত্যেককে ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
সিকিউরিটিজ আইন অনুযায়ী, শেয়ারবাজারে কোনো কোম্পানি তালিকাভুক্ত হতে চাইলে ওই কোম্পানিকে প্রথমে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হয়। প্রকাশ করতে হয় কোম্পানির বিবরণীপত্র। যেখানে কোম্পানির আর্থিক ও ব্যবসা-সংক্রান্ত বিস্তারিত বিবরণের পাশাপাশি পরিচালকদের জীবনবৃত্তান্ত ও শীর্ষ নির্বাহীদের সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ করতে হয়। এমনকি নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত ছকে কোম্পানির পরিচালকদের বিরুদ্ধে কোনো মামলা, ব্যাংক দেউলিয়া, জরিমানা বা নিয়ন্ত্রক সংস্থা কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে সেসব তথ্য বিবরণীপত্রে উল্লেখ করার বাধ্যবাধকতা রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত: ফার কেমিক্যালের বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ইস্যু ব্যবস্থাপক তথ্যের প্রাথমিক সত্যতা নিশ্চিত করার পর আইন মেনেই কোম্পানিটির আইপিও আবেদন এবং বিবরণীপত্র অনুমোদন দেওয়া হয়েছে। পরে তথ্য গোপনের বিষয়টি বিএসইসির নজরে এসেছে। তথ্য গোপনের সঙ্গে জড়িত ইস্যু ব্যবস্থাপক ও কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিএসইসির নিজের নেওয়া ব্যবস্থা আইপিও অনুমোদনের আগে নিজেরাই কীভাবে ভুলে গেলেন? এ প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, হয়তো কোনো কারণে বিষয়টি চোখ এড়িয়ে গেছে।
এ ধরনের অপরাধে আইপিও প্রক্রিয়াটি বাতিলের আইনগত ক্ষমতা থাকার পরও কেন সেটি করা হলো না—জানতে চাইলে বিএসইসির মুখপাত্র বলেন, এ ধরনের প্রশ্নের জবাব দেওয়া কঠিন।
পুঁজিবাজার বিশ্লেষক ও বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের ডিন মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, অর্থ সংগ্রহের পর তথ্য সংশোধন করলে তাতে বিনিয়োগকারীদের উপকৃত হওয়ার কোনো সুযোগ থাকে না। যদি অর্থ সংগ্রহের আগে মামলার তথ্য জানা যেত তাহলে হয়তো অনেক বিনিয়োগকারী শেয়ারের জন্য আবেদন করতেন না। কিন্তু সেই সুযোগ তাঁরা পেলেন না। এ ক্ষেত্রে বিএসইসির ভূমিকাও প্রশ্নবিদ্ধ। যে নিয়ন্ত্রক সংস্থা মামলা ও জরিমানা করল তা তারা নিজেরা কীভাবে ভুলে যায়? তার মানে দাঁড়াচ্ছে আইপিও অনুমোদনের আগে বিএসইসি সঠিকভাবে তথ্য যাচাই-বাছাই করছে না।
মোহাম্মদ মূসা আরও বলেন, যে যা তথ্য দেবে যাচাই-বাছাই ছাড়া সেই তথ্যের ওপর ভিত্তি করে বিএসইসি আইপিও অনুমোদন দিয়ে দেবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তথ্যের সত্যতা নিশ্চিত করাই বিএসইসির কাজ।
কোম্পানিটির আইপিও প্রক্রিয়ার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেসের (এফএসএস) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজা হুমায়ূন মোরশেদ হায়াতের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে ফার কেমিক্যালের কোম্পানির সচিব এ বি এম গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘ভুলবশত এটি ঘটেছে। মামলা-সংক্রান্ত তথ্য বিবরণীপত্রে উল্লেখ করার বাধ্যবাধকতার বিষয়টি জানা না থাকায় এমন হয়েছে।’