ফার কেমিক্যালের লেনদেন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য লুকিয়ে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও এবং তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি ফার কেমিক্যালের লেনদেন আজ মঙ্গলবার শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ একযোগে কোম্পানির লেনদেন শুরু হবে। দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটির আইপিও বিবরণীপত্র বা প্রসপেক্টাসে চেয়ারম্যান আবিদ মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক কিম জং সুকের মামলা ও জরিমানাসংক্রান্ত তথ্য গোপন করা হয়। এই দুজনই শেয়ারবাজার-সংশ্লিষ্ট জালিয়াতি মামলার আসামি।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যালের সহযোগী প্রতিষ্ঠান আরএন স্পিনিংয়ের অধিকারমূলক বা রাইট শেয়ার নিয়ে জালিয়াতির ঘটনা ঘটান কোম্পানিটির পরিচালকেরা। আবিদ মোস্তাফিজুর রহমান ও কিম জং সুকও তাঁদের মধ্যে ছিলেন। সেই কারণে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির উপপরিচালক জিয়াউর রহমান বাদী হয়ে ২০১২ সালের ১০ অক্টোবর কোম্পানির সাত পরিচালক ও সচিবের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন। ১৯৮০ সালের দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৩৪ ধারায় করা ওই মামলায় আবিদ মোস্তাফিজুর রহমান ও কিম জং সুক অভিযুক্ত ছিলেন।
এদিকে লেনদেন শুরু হলেও তথ্য লুকানোর অপরাধে দায়ীদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে অপরাধ করে পার পেয়ে যাওয়ার নজির স্থাপন করেই শেয়ারবাজারে কোম্পানিটির লেনদেন শুরু হচ্ছে। যদিও বিএসইসি জানিয়েছে, তথ্য লুকানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন বা ব্যবস্থা গ্রহণের সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা জানা যায়নি।
সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, অপরাধে দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে বিএসইসির পক্ষ থেকে কোম্পানিটিকে দায়মুক্তির পথ বাতলে দেওয়া হয়েছে। বিএসইসির পক্ষ থেকে কোম্পানিটিকে সংবাদপত্রে তথ্য সংশোধনী প্রকাশের পরামর্শ দেওয়া হয়। যদিও এই ধরনের অপরাধে পুরো আইপিও প্রক্রিয়াটি বাতিল করার আইনগত ক্ষমতা বিএসইসির আইনে রয়েছে। কিন্তু বিএসইসি সেই পথে যায়নি।
বিএসইসির পরামর্শে, বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ ও তালিকাভুক্তির অনুমোদন লাভের পর গত ২৯ মে দেশের চারটি সংবাদপত্রে ‘তথ্য সংশোধনী’ প্রকাশ করে ফার কেমিক্যাল। এর আগে কোম্পানিটিকে লেনদেনের অনুমতি না দিতে দুই স্টক এক্সচেঞ্জকে বিএসইসি মৌখিকভাবে নির্দেশ দেয়। যার পরিপ্রেক্ষিতে তালিকাভুক্তির অনুমোদন দেওয়ার পরও লেনদেনের তারিখ ঘোষণায় সময়ক্ষেপণ করতে থাকে স্টক এক্সচেঞ্জ। ২৯ মে কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছিল ডিএসই। পরবর্তী সময়ে ‘তথ্য সংশোধনী’ প্রকাশের পর বিএসইসি মৌখিক সেই নির্দেশনা তুলে নেয়।