ফারইস্ট ফাইন্যান্সের আইপিও আবেদন শুরু
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আজ রোববার শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারীরা এই কোম্পানির আইপিওতে আবেদন করতে পারবেন। তবে অনাবাসী বাংলাদেশিরা এ সুযোগ পাবেন ২৭ জুলাই পর্যন্ত।এর আগে প্রতিষ্ঠানটির আইপিওর অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম অভিহিত মূল্যে, অর্থাত্ ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি ৫০০টি শেয়ারে একটি মার্কেট লট।ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড শেয়ারবাজারে চার কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৪৫ কোটি টাকা উত্তোলন করবে। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানির মূলধন বাড়ানো ও তারল্য অবস্থা শক্তিশালী করা হবে।২০১১ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.০৪ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৬.৫৭ টাকা।