ফারইস্ট ফিন্যান্সের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৪৫ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফিন্যান্স ও ইনভেস্টমেন্ট। গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় কোম্পানিটির আইপিও প্রস্তাব অনুমোদন করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।কমিশন বলছে, কোম্পানিটি সাড়ে চার কোটি শেয়ার ছেড়ে ৪৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে প্রতিটি শেয়ার বিক্রি করা হবে। সংগৃহীত অর্থে কোম্পানিটি তাদের মূলধন ও তারল্য পরিস্থিতি শক্তিশালী করবে।আইপিও আবেদনের সঙ্গে জমা দেওয়া সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল এক টাকা চার পয়সা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ছিল ১৫ টাকা ছয় পয়সা।বিএসইসি জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে গ্রামীণ ক্যাপিটাল ম্যানেজমেন্ট।আইপিওর অর্থ সংগ্রহের পর কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ খাতের ২২টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।

জরিমানা: কমিশন সভায় পেট্রো সিনথেটিক প্রোডাক্টস ও সালেহ কার্পেট মিলসের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। যথাসময়ে কোম্পানির আর্থিক প্রতিবেদন দাখিল না করায় ওই দুই কোম্পানির পরিচালকদের এই জরিমানা করা হয়।

এদের মধ্যে পেট্রো সিনথেটিক ২০১১ ও সালেহ কার্পেট ২০১০ সালের সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে।