ফারমার্স ব্যাংক ও আইটি কনসালট্যান্টসের মধ্যে চুক্তি

দ্য ফারমার্স ব্যাংক লিমিটেড ও আইটি কনসালট্যান্টস লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। গতকাল সোমবার ঢাকায় একটি হোটেলে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ফারমার্স ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় ফারমার্স ব্যাংক আইটি কনসালট্যান্টসের মাধ্যমে ট্রানজওয়্যার সুইচ অ্যান্ড সিএমএস সলিউশনস কিনবে। এর মাধ্যমে ফারমার্স ব্যাংক গ্রাহকদের এটিএম, পিওএস সেবা, কার্ড ব্যবস্থাপনাসহ ই-পেমেন্টের সব সেবা প্রদান করতে পারবে। একই সঙ্গে ফারমার্স ব্যাংক চিপসহ ইএমভি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড প্রচলন করতে পারবে। এ ছাড়া এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকটি বাংলাদেশের বৃহৎ এটিএম নেটওয়ার্ক কিউ-ক্যাশ ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে।
ট্রানজওয়ার সলিউশনসের মাধ্যমে বাংলাদেশের ৩৩টি ব্যাংক তাদের গ্রাহকদের কার্ড, এটিএম, পিওএস ও ই-পেমেন্ট সেবা দিয়ে আসছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী চৌধুরী মোস্তাক আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীম, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান মো. শাহ আজম, আইটি অপারেশন বিভাগের প্রধান শাফি কামাল, আইটি কনলাসট্যান্টসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী সাইফুদ্দিন মুনীর, পরিচালক (বিজনেস) ওসমান হায়দার; সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।