বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ফার্নেস তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।গতকাল শনিবার বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের দাবির কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্প বিকাশের প্রক্রিয়া ত্বরান্বিত করতে সময়োপযোগী নীতি, কাঁচামালের জোগান ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। বিকেএমইএ বলেছে, চীনে শ্রমিকের মূল্য বৃদ্ধি, পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও জাপানের চীন+১ নীতির কারণে ক্রেতারা যখন বাংলাদেশের দিকে ঝুঁকছে, ঠিক তখনই ফার্নেস তেলের দাম বাড়ানো হয়েছে। এতে নিট পোশাক উৎপাদন ও রপ্তানি মারাত্মক বাধাগ্রস্ত হবে।সংগঠনটি বলেছে, দেশে এমনিতেই বিদ্যুৎ ও জ্বালানির অপ্রতুল ও অনিয়মিত সরবরাহ রপ্তানিমুখী শিল্পের জন্য এক বিরাট অশনিসংকেত হয়ে দেখা দিয়েছে। সময়মতো বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ না পাওয়ায় উৎপাদনের ধারাবাহিকতা বজায় ও ক্রেতাদের ধরে রাখতে নিট শিল্পের মালিকেরা ফার্নেস তেলের ওপর নির্ভরতা বাড়িয়ে আগেই ক্রেতাদের কাছ থেকে রপ্তানি আদেশ নিয়েছেন। কিন্তু এখন প্রতিষ্ঠানগুলোকে বর্ধিত দাম দিয়ে ফার্নেস তেল কিনে উৎপাদন সম্পন্ন করতে হলে এগুলোর উৎপাদন ব্যয় বাড়বে। পরিণতিতে অনেক মালিককে লোকসান গুনতে হবে কিংবা তাঁরা লোকসানের মুখে কারখানা বন্ধ করতে বাধ্য হবেন।