ফার্নেস তেলের দাম বাড়ানোয় ব্যবসায়ী সংগঠনগুলোর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফার্নেস তেলের দাম বাড়ানোয় দেশের বিভিন্ন বাণিজ্য সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এর ফলে উৎপাদন খরচ বেড়ে যাবে, যা প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দেবে।আর ব্যবসায়ী-শিল্পপতিদের সঙ্গে আলোচনা ছাড়াই ফার্নেস তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তটি যথাযথ হয়নি বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে জ্বালানি মন্ত্রণালয় ফার্নেস তেলের দাম বাড়িয়েছে। কিন্তু ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা না করাটা যথাযথ হয়নি।’গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১১ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবির।সরকার গত মঙ্গলবার থেকে ফার্নেস তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে। এতে প্রতি লিটার ফার্নেস তেলের দাম নয় টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ তাঁর বক্তব্যে ফার্নেস তেলের দাম বাড়ানোর প্রসঙ্গটি উত্থাপন করেন। তিনি বলেন, এর ফলে ব্যবসা ও উৎপাদনের ব্যয় অনেক বেড়ে যাবে। তাই দাম বাড়ানোর সিদ্ধান্তটি সাময়িকভাবে প্রত্যাহারের অনুরোধ করেন তিনি।এদিকে দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই এবং বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ফার্নেস তেলের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে।বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ফার্নেস তেলের মূল্যবৃদ্ধির ফলে তৈরি পোশাকশিল্পে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস পাবে।