ফার্মা এইডের ৭ হাজার টাকার শেয়ার ২৫ হাজার টাকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডের শেয়ারের দর এক দিনেই ১৮ হাজার টাকা বা ২৫৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। গত বৃহস্পতিবার যেখানে এই কোম্পানির শেয়ারের সর্বশেষ দর ছিল সাত হাজার ৮৩ দশমিক ৭৫ টাকা, সেখানে গতকাল রোববার এটির সর্বনিম্ন দরই ছিল ১৬ হাজার টাকা। তবে সর্বোচ্চ দর ২৫ হাজার টাকা পর্যন্ত ওঠে। অবশ্য দিনশেষে শেয়ারটির দাম ১৮ হাজার ৭০০ টাকায় স্থির হয়।জানা গেছে, গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্যদ ২০০৯-১০ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ বোনাস শেয়ার (অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে পাঁচটি বোনাস শেয়ার) এবং নগদ ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। গত বৃহস্পতিবারের লেনদেন শেষ হওয়ার পর লভ্যাংশ ঘোষণা করার কারণে গতকাল রোববার এই কোম্পানির শেয়ার কেনাবেচায় কোনো সার্কিট ব্রেকার ছিল না। যার ফলে অস্বাভাবিক হারে দাম বেড়েছে। এদিকে ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, ফার্মা এইড ১৯৮৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটির অনুমোদিন মূলধন পাঁচ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন মাত্র ৫০ লাখ টাকা। প্রতিষ্ঠানটির ১০০ টাকা অভিহিত মূল্যের মোট ৫২ হাজার শেয়ারের মধ্যে ৫০ শতাংশ উদ্যোক্তা, ১৪ দশমিক ৬০ শতাংশ প্রতিষ্ঠানের ও ৩৫ দশমিক ৪০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে। এদিকে ফার্মা এইডের শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল রোববার এসইসির বাজার পর্যালোচনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ফার্মা এইডের শেয়ার লেনদেন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এসইসি। এ ছাড়া ফার্মা এইডের ৫০০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা এবং রোববারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে এসইসির পরিচালক হাসান মাহমুদকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন সংস্থার উপপরিচালক রকিবুর রহমান। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে। অন্যান্য বিষয়ের সঙ্গে কোম্পানির আদৌ এত লভ্যাংশ দেওয়ার মতো অবস্থা আছে কি না এবং রোববার এত উচ্চমূল্যে কারা এই শেয়ার কিনেছেন তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে। অন্যদিকে ফার্মা এইডের শেয়ারের মূল্য অস্বাভাবিকহারে বাড়ার পরও ডিএসইর সার্ভিল্যান্স বিভাগ কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদেরও এসইসি কারণ দর্শানোর চিঠি দেবে বলে জানা গেছে।