ফার্স্ট ফিন্যান্সেও পর্যবেক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে পর্যবেক্ষকের দায়িত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেন পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। ওই দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির ঋণ অনুমোদন ও গোজামিল দিয়ে বার্ষিক প্রতিবেদন তৈরির প্রতিবাদ করায় তাঁকে সরানো হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের অপর মহাব্যবস্থাপক মোহাম্মদ আহমেদ আলীকে।
এদিকে নতুন করে ফার্স্ট ফিন্যান্স লিমিটেডে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির ঋণ বিতরণে অনিয়মের কারণে আর্থিক অবস্থার চরম অবনতি হয়। ফলে চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে লোকসান করে ১৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেনকে এ প্রতিষ্ঠানটিতে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ফার্স্ট ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ মতিন পদত্যাগ করেছেন। তাঁকে সরে দাঁড়াতে বাধ্য করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক, পিপলস লিজিং ও ফার্স্ট ফিন্যান্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক আবুল মনসুর আহমেদ সম্প্রতি ফার্স্ট ফিন্যান্সে যোগদান করেছেন। বর্তমানে তিনিই প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত এমডির দায়িত্বে আছেন। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে ঋণ আদায়ে তৎপরতা কমে গিয়েছিল। সব প্রতিষ্ঠানেই ছোট কিছু অনিয়ম থাকে, এখানেও হয়েছে। তবে বড় কোনো অনিয়ম হয়নি। পর্যবেক্ষক নিয়োগসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের চিঠি আমরা পেয়েছি। সামনের সপ্তাহে পর্যবেক্ষকের উপস্থিতিতে পর্ষদ সভা হবে।’
জানা গেছে, পিপলস লিজিং থেকে ৫৭০ কোটি টাকা বের করে নেন পরিচালকেরা। গ্রুপের ২০ প্রতিষ্ঠান এবং কয়েকজন পরিচালকের নামে অনিয়ম করে বের করা হয় ১৪০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এসব অনিয়ম বের হওয়ার পর প্রতিষ্ঠানটি থেকে জড়িত পরিচালকদের অপসারণ করা হয়। পরিবর্তন আসে পরিচালনা পর্ষদেও। পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম আমজাদ হোসেনকে। এরপরে প্রতিষ্ঠানটিতে নতুন উদ্যোক্তারা আবারও অনিয়ম শুরু করেছেন বলে পর্যবেক্ষকের দায়িত্বে থাকা এ কে এম আমজাদ হোসেন এক চিঠিতে বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করেন। তিনি চিঠিতে উল্লেখ করেন, পরিচালনা পর্ষদের সভায় চারটি প্রতিষ্ঠানের নামে ১২০ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়েছে। যদিও এসব প্রতিষ্ঠান নতুন। এ ছাড়া ঋণের জন্য পর্যাপ্ত নথিপত্রও জমা দেওয়া হয়নি। মতামত উপেক্ষা করেই এসব ঋণপ্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদন চূড়ান্ত না করেই ঋণ অনুমোদন শুরু হয়েছে বলে লিখিতভাবে জানান তিনি। এতে ক্ষুব্ধ হয় একটি প্রভাবশালী পক্ষ। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাঁকে সরিয়ে দিয়ে ফার্স্ট ফিন্যান্সের পর্যবেক্ষক করা হয়।
এদিকে, অনিয়ম-দুর্নীতির কারণে ফার্স্ট ফিন্যান্সে আর্থিক অবস্থা ক্রমান্বয়ে অবনতি ঘটছে বলে জানা গেছে। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি ১৩ কোটি টাকা মুনাফা করলেও ২০১৪ সালে মুনাফা কমে হয় ৭ কোটি ৩০ লাখ টাকা। ২০১৫ সালে মুনাফা কমে হয়েছে মাত্র ৯০ লাখ। ২০১৪ সালে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণ ১৫৮ কোটি টাকা হলেও ২০১৫ সালে তা বেড়ে হয় ৩৫৯ কোটি টাকা। এর ফলে চলতি বছরের প্রথম ছয় মাসে ১৮ কোটি টাকা লোকসান করে ফার্স্ট ফিন্যান্স। ২০১৪ সালে প্রথম ছয় মাসে সাড়ে ৫ কোটি টাকা মুনাফা করেছিল প্রতিষ্ঠানটি। এর পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ফার্স্ট ফিন্যান্সে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর মধ্যেই উদ্যোক্তাদের চাপে প্রতিষ্ঠানটির এমডি এম এ মতিন গত ২৫ সেপ্টেম্বর হঠাৎ পদত্যাগপত্র জমা দেন। তাঁর চুক্তির মেয়াদ ছিল আরও তিন মাস। গতকাল সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
এম এ মতিন প্রথম আলোকে বলেন, ‘চাকরির মেয়াদ আরও ছিল। কিছু সমস্যা হওয়ায় চাকরি ছেড়ে দিয়েছি।’
এসব বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কেউ মন্তব্য করতে রাজি হননি। মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ পর্যন্ত তিনটি প্রতিষ্ঠানে পর্যবেক্ষক বসাল কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠান তিনটি হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, পিপলস লিজিং ও ফার্স্ট ফিন্যান্স।