ফার্স্ট লিজ ফিন্যান্সের ১:৩ রাইট শেয়ার অনুমোদন
ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১: ৩ (বিদ্যমান তিনটি শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ছেড়ে মূলধন উত্তোলনের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিএসইসি সূত্রে জানা যায়, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড রাইট শেয়ারের মাধ্যমে বাজারে দুই কোটি ৫১ লাখ ৫৫ হাজার ৯০০টি সাধারণ শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০টাকা। অর্থাত্ প্রতিষ্ঠানটি বাজার থেকে ২৫ কোটি ১৫ লাখ ৫৯ হাজার টাকা উত্তোলন করবে।
এই রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থে প্রতিষ্ঠানটির মূলধন পর্যাপ্ততা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চাহিদা পূরণ তথা মূলধন ভিত্তি শক্তিশালী করতে পারবে। এই রাইট শেয়ার ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে বানকো ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এ দিকে সিকিউরিটিজ-সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় তিন কোম্পানির পরিচালকদের জরিমানা করেছে বিএসইসি।
বিএসইসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার কোম্পানি লিমিটেডের ২০১০ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থতার জন্য প্রতিষ্ঠানটির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা হারে জরিমানা করা হয়েছে। একইভাবে ২০১১ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন দাখিল না করায় প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া ২০১১ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের আর্থিক প্রতিবেদন দাখিল না করায় সালেহ কার্পেট মিলস লিমিটেড ও মেটালেক্স করপোরেশন লিমিটেডের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয় আজকের সভায়।