ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১:২ রাইট শেয়ার ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ারধারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে ১: ২ রাইট শেয়ার (বিদ্যমান দুটি শেয়ারে একটি রাইট) ইস্যু করতে চায় প্রতিষ্ঠানটি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৫ মার্চ।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণার পাশাপাশি ১:২ রাইট শেয়ার ইস্যু করতে চায়। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এটা শেয়ারধারী ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর কার্যকর হবে।
এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের ইপিএস হয়েছে এক টাকা ৮৭ পয়সা, যা ২০১২ সালের একই সময়ের চেয়ে ১৭ পয়সা কম। ২০১২ সালে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল দুই টাকা চার পয়সা।