ফাস্ট ফুড খেতে গুনতে হবে বাড়তি টাকা
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় ফাস্ট ফুড ও জাঙ্ক ফুডজাতীয় পণ্যের স্থানীয় সরবরাহ পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাটের অতিরিক্ত হিসেবে ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা এবং ক্রমান্বয়ে একটি একক হারে আনার লক্ষ্যে কম দামের দেশীয় ব্র্যান্ডের সিগারেটের প্রতি ১০ শলাকার মূল্য ২৩ টাকা বাড়িয়ে ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সম্পূরক শুল্ক হার ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫২ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
তবে কম দামের আন্তর্জাতিক ব্র্যান্ডের সিগারেটের প্রতি ১০ শলাকার মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৪৫ টাকা ও তার বেশি দামের সিগারেটের ব্র্যান্ডগুলোর জন্য কোনো মূল্য নির্ধারণ না করে মূল্য নির্ধারণের বিষয়টি উৎপাদকদের ইচ্ছাধীন রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে।
বাজেট বক্তব্যে বলা হয়, আগামী তিন অর্থবছরের মধ্যে এ দেশ থেকে বিড়ি উৎপাদন বন্ধ করা হবে। এসব বিবেচনায় নিয়ে বিড়ির বিদ্যমান ট্যারিফ মূল্য বিলুপ্তির পাশাপাশি ফিল্টারবিহীন ও ফিল্টারযুক্ত বিড়ির ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্কহার যথাক্রমে ৩০ শতাংশ ও ৩৫ শতাংশতে কোনো পরিবর্তন করা হবে না। তবে করসহ ফিল্টারবিহীন ২৫ শলাকার প্যাকেটের দাম হবে ১৫ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকার প্যাকেটের দাম ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দাম ১ জুন ২০১৭ থেকে কার্যকর হবে।
ই-সিগারেটের বর্তমান শুল্কহার মাত্র ১০ শতাংশ। অন্যদিকে ই-সিগারেট সেবনের জন্য রিফিল প্রয়োজন হয়, যার শুল্ক হারও ১০ শতাংশ। এ কারণে উল্লিখিত দুটি পণ্যের পৃথক দুটি এইচএস কোড নির্ধারণপূর্বক আমদানি শুল্কহার ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এ দুটি পণ্যের ওপর ১০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।