ফায়ার ডোরে আগ্রহ, দ্বিধা

ফায়ার অ্যালার্ম বাজছে। এক নয়, একাধিক। একটি থামছে তো আরেকটি বাজছে। হুট করে কেউ গেলে বিভ্রান্ত হয়ে ভাবতে পারেন, ভয়াবহ কোনো অগ্নিকাণ্ডের সংকেত এগুলো! তবে বিষয়টি ভিন্ন। কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে পণ্যটির খোঁজে এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বিক্রয়কর্মীরা সেটিই দেখাচ্ছেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি’ শীর্ষক প্রদর্শনীতে গতকাল সোমবার ঢুকেই এমন অভিজ্ঞতা হলো। ঢাকা অ্যাপারেল সামিটের পাশাপাশি প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশি-বিদেশি ৫২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি আয়োজিত তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে গত দুই দিন ঘুরে দেখা যায়, কারখানার উদ্যোক্তা ও প্রতিনিধিরা ফায়ার অ্যালার্মের চেয়ে ফায়ার ডোর বা অগ্নিপ্রতিরোধক বিশেষ দরজার প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন। কারণ, ক্রেতাদের দুই জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শন কার্যক্রমের পর প্রায় সব কারখানাতেই এটি স্থাপন করতে হচ্ছে। অবশ্য প্রদর্শনীতে আগ্রহের তালিকায় স্প্রিংকলার, হাইড্রেন্ট ও অগ্নিনিরোধক পোশাকের মতো অন্যান্য সরঞ্জামও আছে।
প্রদর্শনীতে অংশ নেওয়া আইসিএল নামের প্রতিষ্ঠান অন্যান্য সরঞ্জামের পাশাপাশি কানাডা ও দুবাই থেকে আমদানি করা ফায়ার ডোর বিক্রি করে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পারভেজ কাওসার জানান, ৪ বাই ৭ ফুটের সিঙ্গেল পার্টের ফায়ার ডোর ৮০ থেকে ৯০
হাজার এবং ৮ বাই ১০ ফুটের ডাবল পার্টের ফায়ার ডোরের দাম পড়ে এক লাখ থেকে এক লাখ ২০ হাজার টাকা।
একাধিক নিরাপত্তা সরঞ্জাম বিক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেল, উদ্যোক্তারা পণ্যের মান নিয়ে খুবই চিন্তিত। কারণ, মানসম্পন্ন দরজা না হলে তা অ্যাকর্ড ও অ্যালায়েন্স অনুমোদন দেবে না। তাতে জটিলতা আরও বাড়বে। সে জন্য অধিকাংশ বিক্রেতা প্রতিষ্ঠানই ইউরোপ ও আমেরিকার পণ্যের মান পরীক্ষাকারী সংস্থার পরীক্ষিত পণ্যই নিয়ে এসেছেন। পণ্যের গায়ে মান সনদ দেওয়ার প্রতিষ্ঠানের লোগো সেঁটে দিয়েছেন।
প্রদর্শনীতে আসা গাজীপুরের এক কারখানার মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমার কারখানায় মোট ৪০টি ফায়ার ডোর লাগবে। তবে কোনটা কিনব বুঝে উঠতে পারছি না।’ অভিযোগ করে তিনি বলেন, অনেক প্রতিষ্ঠানই মানসম্মত পণ্য দেওয়ার দাবি করলেও যাচাই-বাছাই করে সেগুলো মানহীন বলে প্রমাণ মিলছে।
কারখানার মালিকদের এই হয়রানির বিষয়ে জানতে চাইলে অ্যালায়েন্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ রবিন বলেন, ‘হয়রানির অবকাশ নেই। কারণ, মালিকেরা যাচাই-বাছাই করার পর তালিকা দিলে আমরা কোন পণ্য কিনতে হবে, সে বিষয়ে পরামর্শ দিই। আর তাঁরা যাতে যাচাই-বাছাই করতে পারেন, সে জন্যই এই প্রদর্শনী।’
বিদ্যুতের সাবস্টেশন, জেনারেটর কিংবা বিদ্যুতের সার্কিট ব্রেকারের আগুন ১৫ সেকেন্ডের মধ্যে নেভানোর যন্ত্র প্রদর্শনীতে নিয়ে এনেছে রি-গ্রিন বাংলা ইন্ডাস্ট্রিজ। ফিনল্যান্ড থেকে আমদানি করা ‘অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার’ নামের এই যন্ত্র নির্দিষ্ট স্থানে বসানো হয়। আগুন লাগলে যন্ত্রটি থেকে গ্যাস নির্গত হয়ে সেই আগুন নিভিয়ে ফেলে। আর এ জন্য প্রতি বর্গফুটে খরচ হয় পাঁচ হাজার টাকা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুস্তায়েম বিল্লা চৌধুরী বললেন, ইতিমধ্যে দুটি কারখানা এই যন্ত্র স্থাপন করেছে। সেখানে খুবই ভালো ফল পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিকে প্রদর্শনীতে অংশ নিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সরকারি এই সংস্থার স্টলে বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম প্রদর্শন করা হচ্ছে। এ বিষয়ে সংস্থার ওয়্যার হাউস ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, ‘অগ্নিনির্বাপণসহ অন্য দুর্যোগ মোকাবিলায় আমরা যেসব সরঞ্জাম ব্যবহার করি, সেগুলো পোশাক কারখানার উদ্যোক্তাদের কাছে পরিচিত করছি। একই সঙ্গে আমাদের বিভিন্ন প্রশিক্ষণের বিষয়ে অবহিত করছি।’