ফায়েল খায়েরের কেনাকাটায় কর কাটবে না জাতীয় রাজস্ব বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড়-দুর্গতদের জন্য স্কুলভবন ও আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য ঘোষিত ‘ফায়েল খায়ের কর্মসূচি’র সব ধরনের কেনাকাটার বিপরীতে কোনো কর কাটবে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করের সমপরিমাণ অর্থ দিয়ে নতুন স্কুলভবন ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে—এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনবিআর বিশেষ বিবেচনায় এ কর অব্যাহতি দিচ্ছে।জানা গেছে, এনবিআর থেকে শিগগিরই এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হবে। ইতিমধ্যে খসড়া আদেশটি আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠানো হয়েছে। ২০০৭ সালে দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় সিডরে প্রাণহানিসহ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি ধনকুবের সিডরদুর্গত এলাকাসহ উপকূলীয় অঞ্চলে শতাধিক স্কুলভবন ও আশ্রয়কেন্দ্র নির্মাণসহ পুনর্বাসন ও প্রতিরোধব্যবস্থা শক্তিশালীকরণে ১৩ কোটি ডলার বা প্রায় এক হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে ১১ কোটি ডলার বা ৯০০ কোটি টাকা খরচ হবে ভবন নির্মাণে। তবে ওই অর্থ সরাসরি বাংলাদেশ সরকারকে না দিয়ে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) মাধ্যমে ব্যয় করার শর্ত দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আইডিবি ‘ফায়েল খায়ের কর্মসূচি’ নামের কার্যক্রম হাতে নেয়, যার মাধ্যমে এসব স্কুলভবন ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ফায়েল খায়ের কর্মসূচির পক্ষ থেকে সম্প্রতি এনবিআরের কাছে কর অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়। গত ১৫ সেপ্টেম্বর আইডিবির প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলী এনবিআরের চেয়ারম্যান বরাবর এ প্রস্তাব দেন, যা গত ২৫ সেপ্টেম্বর এনবিআরে এসে পৌঁছায়।আইডিবির প্রস্তাবে ফায়েল খায়ের কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভাবে পণ্য, যন্ত্রপাতি ও সেবা নেওয়ার ওপর কর অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। স্কুলভবন ও আশ্রয়কেন্দ্র নির্মাণে যে পরিমাণ অর্থ ঠিকাদারকে দেওয়া হবে, তার ৫ শতাংশ উৎসে কর হিসেবে ফায়েল খায়ের কর্মসূচি কর্তৃপক্ষ কেটে রেখে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা। কিন্তু এ ৫ শতাংশ অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে কর অব্যাহতি চায় ফায়েল খায়ের কর্মসূচি। আর সেই অব্যাহতির অর্থ দিয়ে আরও কিছু নতুন স্কুলভবন ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দিতে চায় তারা। সম্প্রতি এনবিআরের বোর্ড সভায় ফায়েল খায়েরের প্রস্তাব ওঠে। বোর্ডের সদস্যরা নীতিগতভাবে প্রস্তাবটিতে অনুমোদন দেন। পরে তা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কয়টি নতুন স্কুলভবন ও আশ্রয়কেন্দ্র নির্মাণ করা সম্ভব হবে, তা উল্লেখ করা হয়নি প্রস্তাবে। তবে কর অব্যাহতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা হবে বলে এনবিআরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। এনবিআরের সদস্য (আয়কর নীতি) সৈয়দ আমিনুল করিম প্রথম আলোকে জানান, এটি একটি দাতব্য কার্যক্রম। কর অব্যাহতি দেওয়া হলে তাতে এ দেশের জনগণই উপকৃত হবে। সে জন্য এনবিআর নীতিগতভাবে কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেননা, কর অব্যাহতির টাকায় বিনিয়োগকারী বা ফায়েল খায়ের কর্মসূচি কোনো সুবিধা পাবে না। নতুন আরও কিছু স্কুলভবন ও আশ্রয়কেন্দ্র নির্মাণেই তা খরচ হবে। এতে দাতব্য কার্যক্রম আরও উৎসাহিত হবে। এদিকে এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শুধু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ বেশ কিছু দাতব্য খাতে কর অব্যাহতি নেওয়ার সুযোগ রয়েছে। তবে ফায়েল খায়ের কমর্সূচির ক্ষেত্রে আয়কর অধ্যাদেশ অনুযায়ী কর অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। সে জন্য তা দিতে হলে বিশেষ আদেশ জারি করতে হবে। জানা গেছে, ফায়েল খায়ের কর্মসূচির মাধ্যমে প্রথম পর্যায়ে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল ও পটুয়াখালীতে এসব অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে গত বছর ৩৯টি স্কুলভবন ও আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ ঠিকাদারকে দেওয়া হয়েছে। এ বছর আরও ৩৫টির কাজ ঠিকাদারকে দেওয়া হয়েছে। এসব কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৩২৩ কোটি টাকা। ২০টি করে ভবন নির্মাণের মাধ্যমে একটি প্যাকেজ হিসেবে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে। মূলত কিল্লা ও স্টিলথ—এ দুই ধরনের ভবন নির্মাণ করা হচ্ছে। ভবনের প্রতিটি ফ্লোরের আয়তন এক হাজার ৩৫০ বর্গমিটার। নাভানা কনস্ট্রাকশন লিমিটেড, সিন্যাম ইঞ্জিনিয়ারিং লিমিটেড এসব ভবন নির্মাণের কাজ পেয়েছে। ফায়েল খায়ের কর্মসূচির সব কার্যক্রম দেখাশোনার জন্য ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কনসালট্যান্ট (আইএমসি) ওয়ার্ল্ডওয়াইড নামের একটি প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে আইডিবি।