আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ বাংলাদেশের আন্তর্জাতিক ঋণমানকে ‘বিবি মাইনাস’ হিসেবে অভিহিত করেছে। এর অর্থ হলো দেশীয় ও আন্তর্জাতিক মুদ্রায় ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান স্থিতিশীল। টানা তৃতীয়বারের মতো বাংলাদেশকে এ মান দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার হংকং থেকে প্রকাশিত ফিচের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। তবে প্রবাসী আয় কমার ফলে জিডিপি প্রবৃদ্ধি কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ফিচ বলছে, বাংলাদেশের রেটিংয়ের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার আয় ও জিডিপি প্রবৃদ্ধি অর্জন ভূমিকা রেখেছে। পাশাপাশি দুর্বল অবকাঠামো, রাজনৈতিক ঝুঁকি ও দুর্বল ব্যাংকিং খাত ভারসাম্য ধরে রেখেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের মধ্যভাগ থেকে প্রবাসী আয় কমতে শুরু করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আয় ১১ শতাংশ কমে গেছে। তবে পোশাক রপ্তানি আয় বেড়েছে। চলতি বছরে মুদ্রার মানের প্রকৃত মূল্যায়নের ফলে আয় কমে যেতে পারে।
ফিচের পূর্বাভাসে আরও বলা হয়েছে, প্রবাসী আয় কমার কারণে ভোক্তা ব্যয়ও কমে যাবে। ফলে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ৬ শতাংশ ও পরের অর্থবছরে আরও কমে ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে। ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আগামী ২০১৯ সালে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। এটি হলে বিনিয়োগকারী ও তৈরি পোশাকের ক্রেতাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
ফিচ আরও বলেছে, দেশের ব্যাংকিং খাত ক্রমেই দুর্বল হচ্ছে। বিশেষ করে সরকারি ব্যাংকে সুশাসনের ব্যাপক ঘাটতি রয়েছে। খেলাপি ঋণের হার এক অঙ্ক থেকে ১০ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। ব্যাংকগুলোর সংরক্ষিত মূলধনের পরিমাণ ১০ দশমিক ৬ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। সরকারি ছয় বাণিজ্যিক ব্যাংকের মূলধন সংরক্ষণের হার মাত্র ৫ দশমিক ৬ শতাংশ।