ফিলরেমের ক্ষতিপূরণ প্রস্তাব প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমের ১ কোটি পেসো ক্ষতিপূরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ প্রত্যাখ্যানের এই বিষয়টি সে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন।
ফিলরেমের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের একটি বড় অংশ ফিলিপাইন থেকে বিদেশে পাচার করা হয়। দেশটির ব্লু রিবন সিনেট কমিটির শুনানিতে অংশ নিয়ে গত বৃহস্পতিবার ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা বলেন, ‘চেকের মাধ্যমে বাংলাদেশ সরকারকে আমরা ১ কোটি পেসো ক্ষতিপূরণ হিসেবে ফেরত দিতে চাই।’
শুনানিতে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের কাছে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা দুঃখিত। এই অর্থ যে বাংলাদেশ থেকে চুরি করা, এটা আমাদের জানা ছিল না।’
এরপর বৃহস্পতিবারের শুনানি শেষে জন গোমেজকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণের প্রস্তাব দেন বাতিস্তা। এর জবাবে রাষ্ট্রদূত জানান, যেহেতু অর্থ নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের হিসাব থেকে হ্যাক করা হয়েছে, তাই এর সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ যুক্ত আছে। তাই ক্ষতিপূরণের অর্থ কোনোভাবেই তাঁর গ্রহণ করা সম্ভব নয়। বিষয়টি তিনি বাংলাদেশ সরকারকে অবহিত করবেন বলে গণমাধ্যমকে জানান।
সূত্র: এমবি ডট কম