ফিলিপসের নতুন চার পরিবেশক নিয়োগ
ব্যবসা সম্প্রসারণে বাটারফ্লাইয়ের পাশাপাশি আরও চারটি প্রতিষ্ঠানকে পরিবেশকের দায়িত্ব দিয়েছে ফিলিপস বাংলাদেশ। নতুন এই চারটি প্রতিষ্ঠান হচ্ছে বেস্ট ইলেকট্রনিকস, আইপিই টেকনোলজিস, ক্রিস্টাল করপোরেশন এবং মেডিকেল ফেয়ার। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয় ফিলিপস ইলেকট্রনিকস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (পিইবিপিএল)।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফিলিপস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জয় বাপনা। এসব পরিবেশকের মাধ্যমে ফিলিপসের গৃহস্থািল পণ্য, পুরুষ ও নারীর সৌন্দর্য (গ্রুমিং) পণ্য, এয়ার পিউরিফায়ার, ব্যথানাশক এবং মা ও শিশু পরিচর্যার পণ্য বাজারজাত করা হবে। গত বছরের জুলাই থেকে বাটারফ্লাই মার্কেটিংয়ের মাধ্যমে ফিলিপস এসব পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত শুরু করে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ২০টির বেশি শহরে ১ হাজার টাচ পয়েন্ট বা বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ফিলিপসের এসব পণ্য কিনতে পারবেন গ্রাহকেরা। নতুন পরিবেশক নিয়োগের ফলে গ্রাহকেরা এখন সহজেই বিক্রয় পরবর্তী সেবাসহ ফিলিপসের আসল পণ্য কেনার সুযোগ পাবেন। অনুষ্ঠানে পাঁচ পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফিলিপস বাংলাদেশের সিইও সঞ্জয় বাপনা বলেন, ‘গত বছর বাজারে গৃহে ব্যবহার উপযোগী স্বাস্থ্যপণ্য ছাড়ার পর থেকে ক্রেতাদের কাছে অভাবনীয় সাড়া পেয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে, অভিজ্ঞ ও দক্ষ পরিবেশকের মাধ্যমে ফিলিপসের আসল পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।’