রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদনের তথ্য অবশেষে ফিলিপাইনকে দিতে রাজি হয়েছে বাংলাদেশ। চুরি যাওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনের তথ্য ফিলিপাইনের চাওয়ার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়ার কথা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
ফিলিপাইনের অর্থমন্ত্রী কার্লোস ডমিঙ্গুয়েজের সঙ্গে গত সপ্তাহে আইনমন্ত্রীর নেতৃত্বাধীন বাংলাদেশি প্রতিনিধিদলের এক বৈঠকে তদন্ত প্রতিবেদনের তথ্য চাওয়া হয়। এরপর গত কয়েক দিনে ফিলিপাইনকে তথ্য দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নেতিবাচক মনোভাব দেখিয়ে আসছিল। গত রোববারও বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ব্যাপারে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তবে গতকাল সোমবার আইনমন্ত্রী আনিসুল হক রয়টার্সকে বলেন, ‘পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের তদন্তের বিষয়ে তথ্য ফিলিপাইনকে জানানো হবে।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে মোট ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এই অর্থের মধ্যে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) চারটি হিসাবের মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় দেশটির ক্যাসিনোতে। চুরি যাওয়া অর্থের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ ফেরত পেয়েছে দেড় কোটি ডলার। বাকি সাড়ে ৬ কোটি ডলার উদ্ধারে গত সপ্তাহে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ফিলিপাইন সফরে যায়।
ফিলিপাইনের গণমাধ্যম বিওয়ার্ল্ডঅনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার জন্য মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেম এবং সোলায়ার রিসোর্ট ও ক্যাসিনোর কয়েকজন জাংকেট অপারেটরের বিরুদ্ধে অর্থ পুনরুদ্ধার (সিভিল ফোরফেইচার) মামলা করার উদ্যোগ নিয়েছে।
এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাকে আবাদ বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ মেলায় মামলা করা হবে। যদিও আমরা জানি না এসব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কতজন এখন দেশে আছেন।’
রিজার্ভ চুরির বিষয়ে ফিলিপাইনের সিনেট শুনানিতে ফিলরেম এবং সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর অর্থ পাচারের বিষয়টি উঠে আসে। ফিলরেমের মাধ্যমে ২ কোটি ৯০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ সোলায়ার ক্যাসিনোতে জুয়া খেলার চিপসে রূপান্তরিত করা হয়। এসব অর্থ সোলায়ার ক্যাসিনো কর্তৃপক্ষ ডিং ঝিজি নামের এক চীনা ব্যবসায়ীর কাছ থেকে জব্দ করে। জব্দ করা এ অর্থ হস্তান্তরের বিষয়ে এখন আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে এএমএলসি। আরও ১ কোটি ৭০ লাখ ডলার এখনো ফিলরেমের কাছে বলে ধারণা করা হচ্ছে।
জুলিয়া বাকে আবাদ এ বিষয়ে বলেন, ‘অর্থ পুনরুদ্ধার মামলা করার জন্য আমরা এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’ তিনি জানান, ফিলিপাইনের ইস্টার্ন হাওয়াই লেইজার ক্যাসিনোর মালিক ক্যাম সিন ওয়ং ওরফে কিম ওয়ংয়ের বিরুদ্ধেও একটি আলাদা অর্থ পুনরুদ্ধার মামলা করবে এএমএলসি। ওয়ংয়ের কাছে থাকা দেড় কোটি ডলার অর্থই এখন পর্যন্ত বাংলাদেশ ফেরত পেয়েছে।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ চুরির সঙ্গে সম্পৃক্ততার কারণে আরসিবিসিকে সেই দেশের ১০০ কোটি পেসো বা ২ কোটি মার্কিন ডলার আর্থিক জরিমানা করেছে।