ফিলিপাইনে বাজেয়াপ্ত ১২০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থের যে অংশটি ফিলিপাইনে চলে গিয়েছিল তার একটি অংশ ফেরত আনার বিষয়ে অগ্রগতি হয়েছে। ফিলিপাইনের একটি আদালত সেখানে চুরি হয়ে যাওয়া অর্থের মধ্যে দেড় কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা বাজেয়াপ্ত করে রায় দিয়েছেন।
আদালতের এ রায়ের ফলে অর্থ ফেরত পাওয়ার পথে বড় অগ্রগতি হয়েছে বলে মনে করা হচ্ছে। খবর দেশটির দ্য ফিলিপাইন স্টারের।
প্রতিবেদনটির তথ্য থেকে জানা গেছে, আদালতের রায়ে বাজেয়াপ্ত করা অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থেরই অংশ বলে উল্লেখ করা হয়। এই দেড় কোটি ডলার দেশটির ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়ং ফেরত দিয়েছিলেন।
ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) দায়ের করা এক পিটিশনের পরিপ্রেক্ষিতে দেশটির নিম্ন আদালত অর্থ বাজেয়াপ্তের রায় ঘোষণা করেন। গত মে মাসে এএমএলসির পক্ষ থেকে পিটিশনটি দায়ের করা হয়েছিল।
আদালতের রায়ের কথা উল্লেখ করে এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাকে-আবাদ বলেছেন, বাজেয়াপ্ত করা অর্থ ফেরত পেতে এখন বাংলাদেশ সরকারকে তৃতীয় পক্ষের মাধ্যমে দাবি জানাতে হবে।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়, যার মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ব্যাংকিং-ব্যবস্থার মাধ্যমে স্থানান্তর করে নেওয়া হয় ফিলিপাইনে। বাকি ২ কোটি ডলার স্থানান্তর করা হয় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় স্থানান্তর হওয়া অর্থ শুরুতেই ধরা পড়ে যাওয়ায় তা দ্রুত বাংলাদেশ ব্যাংক ফেরত পায়। কিন্তু ফিলিপাইনে যাওয়া অর্থের সিংহভাগই দেশটির ব্যাংকিং চ্যানেল থেকে ক্যাসিনো হয়ে নানা হাতবদল হয়।
রিজার্ভের অর্থ চুরির বিষয়টি বিশ্বজুড়ে তোলপাড় তোলে। এ নিয়ে তদন্তের পাশাপাশি ফিলিপাইনের সংসদের সিনেট ব্লু রিবন কমিটিতে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে অর্থ স্থানান্তরের সঙ্গে বিভিন্ন পর্যায়ে জড়িত ব্যাংকার ও ক্যাসিনো ব্যবসায়ীদেরও প্রকাশ্য সাক্ষ্য নেওয়া হয়।
জুলিয়া বাকে-আবাদ বলেছেন, আদালতের রায়ে বাজেয়াপ্ত হওয়া দেড় কোটি ডলার বর্তমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে রয়েছে।
ফিলিপাইনের আইন অনুযায়ী, বাজেয়াপ্ত অর্থ ফেরত পেতে যথাযথ দাবিদারকে সংশ্লিষ্ট আদালতে পিটিশন দায়ের করতে হবে। ওই পিটিশনের ভিত্তিতে আদালত অর্থ ফেরত দেওয়ার আদেশ দেবেন।
এ বিষয়ে মতামত জানতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন বলে জানান।
পরে আইনগত উদ্যোগের বিষয়ে জানতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখানে এককভাবে আমাদের কিছু করার নেই। কীভাবে অর্থ ফেরত আনা যাবে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে।