ফিলিপাইনে মুদ্রা পাচারবিরোধী আইনের সংশোধন চায় আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বলছে, রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা প্রকাশিত হওয়ার পর ফিলিপাইনের মুদ্রা পাচারবিরোধী আইনের পরিবর্তন আনাটা জরুরি।
ফিলিপাইনে আইএমএফ মিশনের প্রধান চিকাহিসা সুমি জানান, ফিলিপাইনের ব্যাংকিং নিরাপত্তা আইন আন্তর্জাতিক মানে আনতে আরও সহজ করার খুবই প্রয়োজন ছিল। গতকাল রোববার এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আমান্ডো টেটাঙ্কো জুনিয়র জানান, ক্যাসিনো, আবাসন ব্যবসার মধ্যস্থতাকারী ও শিল্প-বণিকদের কার্যক্রম মুদ্রা পাচার আইনের আওতায় এনে এ আইনের সংশোধন আনতে আইএমএফ ও কেন্দ্রীয় ব্যাংক একসঙ্গে চাপ দিচ্ছে। তিনি বলেন, ‘এটা আসলে আগের আলোচনারই পুনরাবৃত্তি, আমরাও মানি লন্ডারিংবিরোধী আইনের সংশোধন আনতে একমত।’
এ বিষয়ে ইতিমধ্যে বিচার বিভাগের মাধ্যমে কংগ্রেসে সংশোধন প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলেও জানান আমান্ডো।
চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার হ্যাকিংয়ের মাধ্যমে সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের জুপিটার শাখার কয়েকটি হিসাব থেকে চলে যায় দেশটির ক্যাসিনোতে। পরে তদন্ত ও বিভিন্ন পর্যায়ে শুনানির পর বরখাস্ত হন ব্যাংটির শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও কাস্টমার রিলেশন ম্যানেজার অ্যাঙ্গেলা টরেস। এ ঘটনায় অভিযোগ ওঠা ব্যক্তিদের তালিকায় আছেন ব্যাংটির প্রেসিডেন্ট লরেঞ্জ তান। জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ায় বন্ধ করা হয়েছে মুদ্রা লেনদেন সংস্থা ফিলরেমের লাইসেন্স। সূত্র: ফিলিপাইন ইনকোয়ারার।