ফিলিপাইনে শুনানিতে কিম ও অ্যাঞ্জেলা
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের সিনেট কমিটির আজ মঙ্গলবারের শুনানিতে হাজির হয়েছেন অভিযোগ ওঠা অন্যতম ব্যবসায়ী কিম ওয়ং এবং রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) জুপিটার শাখার বরখাস্ত হওয়া জ্যেষ্ঠ কাস্টমার রিলেশনস অফিসার অ্যাঞ্জেলা তোরেস। দেশটির জিএমএ নিউজ অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইন থেকে পাচার হওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে দেশটির সিনেট বিশেষ এই শুনানি করছে।
আরসিবিসির বরখাস্ত হওয়া শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো গত ১৭ মার্চের শুনানিতে কিমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন।
অর্থ পাচারের ঘটনায় কিমকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।
ফিলিপাইনের সিনেটর সার্জি ওসমেনা বলেন, এখন মনে হচ্ছে, কিমই মূল পরিকল্পনাকারী।
ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক কিম। হংকংভিত্তিক কোম্পানিটি ক্যাসিনো ব্যবসার সঙ্গেও জড়িত। চুরি হওয়া অর্থ ওই কোম্পানির ক্যাসিনোতে গেছে বলে অভিযোগ রয়েছে।
সিনেটের গত দুটি শুনানিতে কিম অনুপস্থিত ছিলেন। তখন তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছিলেন।
শুনানির আগে কিমের আইনজীবী ভিক্টর ফার্নান্দেজ এক বিবৃতিতে জানিয়েছেন, তাঁর মক্কেল সিঙ্গাপুর থেকে ফিলিপাইনে ফিরেছেন। সিনেটের শুনানিতে অংশ নিতে তিনি প্রস্তুত। সবকিছুর উত্তর দেবেন তিনি। শুনানিতে তিনি চুপ থাকবেন না।
সিনেটর সার্জি ওসমেনা বলেন, রিজাল ব্যাংক থেকে বিভিন্ন ক্যাসিনোর হাতে কীভাবে অর্থ গেল, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য কিমের কাছে আছে। চুরি হওয়া অর্থ কী কারণে কিম ব্যবসায়ী উইলিয়াম গোর হিসাবে জমা দিয়েছিলেন, সে বিষয়েও জানতে চাওয়া হবে।
চুরি যাওয়া অর্থ ফিলিপাইন থেকে পাচারে সরাসরি জড়িত থাকার অভিযোগে গত ২২ মার্চ মায়া সান্তোস ও তাঁর সহকারী অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করে আরসিবিসি কর্তৃপক্ষ।
এ ছাড়া অর্থ পাচারের ঘটনার জন্য মায়া সান্তোস ও তাঁর সহকারী অ্যাঞ্জেলা তোরেসের বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি আদালতে অভিযোগ করেছেন ব্যবসায়ী উইলিয়াম সো গো। খুব শিগগির এই দুজনের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দিয়েছেন গোর আইনজীবী।
আজকের শুনানিতে অন্যতম সন্দেহভাজন ব্যবসায়ী উইলিয়াম গোর সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। উইলিয়াম গোর মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান সেঞ্চুরিটেক্স ট্রেডিংয়ের নামে খোলা ব্যাংক হিসাব ব্যবহার করেই আরসিবিসি থেকে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার সরানো হয়। এই ব্যবসায়ীর বিষয়ে বর্তমানে আলাদা তদন্ত করছে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) ও সিনেট ব্লু রিবন কমিটি।
আরও পড়ুন...
গুরুত্বপূর্ণ তথ্য দেবেন ব্যবসায়ী কিম ওয়ং!