ফিলিপাইনের আদালতে জারি মামলা করবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনের আদালত স্বীকৃতি দিলেও অর্থ (প্রায় ১২০ কোটি টাকা) হাতে পেতে দুই সপ্তাহের মধ্যে সেখানকার আদালতে জারি মামলা (এক্সিকিউশন স্যুট) করা হবে। এরপরই অর্থ কী প্রক্রিয়ায় ফেরত আসবে, তার নির্দেশনা পাওয়া যাবে। অর্থ ফেরত পেলে তা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের চলতি হিসাবে জমা হবে। আশা করা যায়, খুব দ্রুতই ওই অর্থ পাওয়া যাবে।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সভা করে বিএফআইইউ। এতে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলায় শক্তিশালী অবস্থানে যাওয়ার বিষয়ে তুলে ধরা ও দুর্বল দিকগুলো কাটিয়ে ওঠার তাগিদ দেওয়া হয়। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানদিয়াগোতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন-সংক্রান্ত তৃতীয় ‘মিউচুয়াল ইভালুয়েশন’ প্রতিবেদন অনুমোদনের কথা এ সময় জানানো হয়।

সংবাদ সম্মেলনে আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, তৃতীয় পর্বের এ মূল্যায়ন হয়েছে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত তথ্যের ভিত্তিতে। এ কারণে মূল্যায়নে জঙ্গি হামলা ও রিজার্ভ চুরির ঘটনার প্রভাব এবারের মূল্যায়নে পড়েনি। তবে এপিজির বার্ষিক সভায় সাম্প্রতিক জঙ্গি হামলার পর সরকারের নেওয়া পদক্ষেপ এবং এ কারণে কয়েকটি হামলার পরিকল্পনা প্রতিহত করতে পারায় বাংলাদেশ বেশ প্রশংসিত হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে রাজী হাসান বলেন, অর্থ পাচার প্রতিরোধে বিভিন্ন এজেন্সির দায়দায়িত্ব ভাগ করা আছে। এ বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুদক কাজ করছে। আর সুইস ব্যাংকে গচ্ছিত সব টাকা পাচার হয়ে গেছে বিষয়টি তেমন না। দেশের বাইরে বৈধভাবে বাস করেন এমন অনেক বাংলাদেশির টাকা সেখানে রয়েছে।

এপিজি ও এর সদস্য ৪১টি রাষ্ট্র বাংলাদেশের ঝুঁকির মান আন্তর্জাতিক মানের স্বীকৃতি দেওয়ায় এলসি বা ঋণপত্র খোলা, বিদেশি বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সুবিধা পাবে। এপিজির এ প্রতিবেদন দেখে সবাই এখানে বিনিয়োগকে ঝুঁকিমুক্ত হিসেবে দেখবেন।

কিছু ক্ষেত্রে নিম্নমানের রেটিংয়ের বিষয়ে জানতে চাইলে রাজী হাসান বলেন, যৌথ মূলধন কোম্পানির নিবন্ধকের কার্যালয়ের (আরজেএসসি) নিবন্ধন প্রক্রিয়া নিয়ে এপিজির কিছু প্রশ্ন রয়েছে। আর ব্যাংক খাতের তদারকি ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও আর্থিক খাতের সার্বিক তদারকি, বিশেষ করে বিমা ও পুঁজিবাজারের তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে এপিজির। এ ছাড়া ঝুঁকি ব্যবস্থাপনা নিয়েও আপত্তি রয়েছে তাদের। এপিজির চূড়ান্ত প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চূড়ান্ত রেটিংয়ে বাংলাদেশের অবস্থান নরওয়ে, শ্রীলঙ্কা, ফিজি থেকে ভালো অবস্থানে পৌঁছে। এ ছাড়া কোনো কোনো ক্ষেত্রে অস্ট্রেলিয়াসহ অনেক উন্নত দেশ থেকেও ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা সন্ত্রাস, সন্ত্রাসে অর্থায়ন, জঙ্গিবাদ, অর্থ পাচারসহ অন্যান্য অপরাধ নির্মূলে বাংলাদেশের অবস্থানকে আন্তর্জাতিকভাবে উন্নীত করেছে।

সংবাদ সম্মেলনে অগ্রণী ব্যাংকের অর্থ পাচার বিষয়ে ইন্টারপোলের চিঠির বিষয়ে রাজী হাসান বলেন, ‘সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি খতিয়ে দেখবে’।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, বিএফআইইউর মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।