ফিলিপাইনের আদালতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজার্ভের অর্থ চুরি
রিজার্ভের অর্থ চুরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে ১৫ মিলিয়ন ডলার (১ কোটি ৫০ লাখ ডলার) ফেরত পেতে ফিলিপাইনের আদালতে আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস চলতি মাসেই আদালতে এ আবেদন করবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাফিডেভিট প্রদান করা হয়েছে ও অন্য নথিপত্রও সরবরাহ করা হয়েছে। রিজার্ভ চুরির ঘটনা নিয়ে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘অর্থ ফেরত পেতে আমরা সার্বক্ষণিক ফিলিপাইনের সঙ্গে যোগাযোগ রাখছি। অর্থ উদ্ধারে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সবই নেওয়া হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ফিলিপিনো-চায়নিজ ব্যবসায়ী কিম ওয়ংয়ের ফেরত দেওয়া ১ কোটি ৫০ লাখ ডলার বাংলাদেশকে ফেরত প্রদানের জন্য অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল ও কিম ওয়ংয়ের পক্ষ থেকে আদালতে একটি যৌথ প্রস্তাব দাখিল করা হয়। ফিলিপাইনের আদালত গত ১ জুলাই বাজেয়াপ্ত আদেশ দেয়। এর ফলে ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত পেতে চূড়ান্ত ধাপ অর্জন হয়। এখন ফিলিপাইনের স্থানীয় আইন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংককে অ্যাফিডেভিটের মাধ্যমে এ অর্থ ফেরত পাওয়ার জন্য আদালতে আবেদন করতে হবে। পারস্পরিক আইনি সহায়তা অনুরোধের আওতায় ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস বাংলাদেশ ব্যাংকের পক্ষে ৩০ আগস্টের মধ্যে আদালতে অর্থ ফেরতের আবেদন করবে। বাংলাদেশ ব্যাংক ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফেরত আনতে কাজ করছে।

বাংলাদেশ ব্যাংক গত রোববার বিকেলে যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ৭০টি ভুয়া আদেশের মাধ্যমে ১৯২ কোটি ৬০ লাখ ডলার অবৈধভাবে স্থানান্তরের চেষ্টা করা হয়। এর মধ্যে একটি আদেশের বিপরীতে শ্রীলঙ্কায় যায় ২ কোটি ডলার। এ ছাড়া ৪টি আদেশের বিপরীতে মোট ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের একটি ব্যাংকের চারজন গ্রাহকের হিসাবে জমা হয়। শ্রীলঙ্কার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুরোধে সম্পূর্ণ অর্থ ইতিমধ্যে ফেরত প্রদান করেছে। ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ৪টি হিসাবে জমা হয়। পুরো অর্থ ব্যাংকের একই শাখায় পরিচালিত অপর একজন গ্রাহকের হিসাবে জমা হয়। পরবর্তী সময়ে এ অর্থ একটি মানি রেমিট্যান্স কোম্পানি হয়ে ক্যাসিনোতে চলে যায়, যা পরবর্তী সময়ে একজন ফিলিপিনো-চায়নিজ ব্যবসায়ী তুলে নেন।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ২ কোটি ১৫ লাখ ডলার যায় কিম ওয়ংয়ের মালিকানাধীন ইস্টার্ন হাওয়াই ক্যাসিনোতে। এই অর্থের একটি অংশ ওয়ং নিজে নেন আর বাকি অর্থ জুয়া খেলার চিপ কেনায় ব্যবহৃত হয়। এ অর্থের কিছু অংশ ফেরত দিয়েছে ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী ক্যাম সিন ওয়ং ওরফে কিম ওয়ং। আইনজীবী ভিক্টর ফার্নান্দেজের }মাধ্যমে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের (এএমএলসি) কাছে এ অর্থ ফেরত দেন। এখন আদালতের অনুমতি পেলে এ অর্থ বাংলাদেশে ফেরত আসবে।