ফুটে উঠছে আমদানি রপ্তানির আর্থিক ক্ষত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমদানি  রপ্তানির আর্থিক ক্ষত
আমদানি রপ্তানির আর্থিক ক্ষত

টানা হরতাল ও অবরোধের কারণে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের আর্থিক ক্ষত ফুটে উঠছে। যথাসময়ে পণ্য খালাস করে গন্তব্যে পৌঁছাতে না পারায় এবং পরিবহনব্যবস্থা কার্যত বন্ধ থাকায় খালাস না করে বাধ্য হয়ে বন্দরে পণ্য রাখায় বাড়তি মাশুল গুনে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
আবার টানা অবরোধ ও হরতালে শুধু শুক্রবার বিরতি থাকায় চাহিদা অনুযায়ী পরিবহন পাওয়া যাচ্ছে না। এ সুযোগে ঝুঁকির কথা বলে ট্রাকভাড়াও বাড়িয়ে দিয়েছেন ট্রাকের মালিকেরা।
জানা গেছে, চট্টগ্রাম বন্দরে আমদানি করা প্রতিটি কনটেইনারের জন্য দৈনিক বাড়তি প্রায় ১০ হাজার টাকা গুনতে হচ্ছে আমদানিকারকদের। এ ছাড়া পরিবহন ব্যয় তো রয়েছেই।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, গত তিন সপ্তাহে প্রায় সাড়ে পাঁচ হাজার আমদানি পণ্যের কনটেইনার জমে গেছে। গত ২৬ নভেম্বর চট্টগ্রাম বন্দরে ১৮ হাজার ১৫৬টি কনটেইনার ছিল। সীমিত পরিসরে কিছু কনটেইনার খালাস হওয়ার পরও গত বৃহস্পতিবার পর্যন্ত ২৩ হাজার কনটেইনার রয়েছে, যা স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে বেশি।
অন্যদিকে মংলা বন্দরে পণ্য খালাসে সমস্যা না হলেও পরিবহন-সংকট রয়েছে। মংলা বন্দরে মূলত ফ্লাই অ্যাশ ও সারের চালান আটকে গেছে। তাই জাহাজ থেকে খালাস করে লাইটারেজ বা ছোট জাহাজে রেখে অপেক্ষা করতে হয়েছে আমদানিকারকদের। ফলে বাড়তি খরচ যোগ হয়েছে।
চট্টগ্রাম বন্দর
ঢাকার সাভার ও গাজীপুরের দুটি কারখানার ১২ কনটেইনার আমদানি শিল্পপণ্য জাহাজ থেকে বন্দরে নামানো হয় ৪ ডিসেম্বর। পণ্য খালাসের যাবতীয় দালিলিক কার্যক্রম শেষ করে এসব কনটেইনারের পণ্য চার দিনে বিনা ভাড়ায় বন্দর থেকে নেওয়ার কথা ছিল। কিন্তু অবরোধের কারণে নির্ধারিত সময়ের পাঁচ দিন পর কনটেইনারটি খালাস নেওয়া হয় বৃহস্পতিবার রাতে।
এ পাঁচ দিন বাড়তি সময় বন্দরে রাখার জন্য ভাড়া গুনতে হয়েছে প্রায় ৫৬ হাজার টাকা। কনটেইনার মালিকপক্ষকে শোধ করতে হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। এর বাইরে সড়কপথে পণ্য পরিবহনের জন্যও বাড়তি চার লাখ ২০ হাজার টাকা করে পরিশোধ করেছেন কারখানা দুটির মালিক।
এ দুটি কারখানার পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট প্যারামাউন্ট ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শিহাব চৌধুরী গত শুক্রবার প্রথম আলোকে বলেন, অবরোধের কারণে প্রতি কনটেইনার পণ্যে আমদানিকারকের বাড়তি খরচ হয়েছে ৪৮ হাজার টাকা। এসব খরচের বাইরে পণ্য পড়ে থাকায় একটি পোশাক শিল্পকারখানা এবং একটি বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে।
এ কারখানা দুটির মতো চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্যে এখন নিয়মিত বাড়তি মাশুল গুনছেন ব্যবসায়ীরা। এসব খরচ যোগ হচ্ছে পণ্য উৎপাদনের খরচ হিসেবে। ব্যবসায়ীদের পাশাপাশি পণ্য কেনার সময় ক্রেতারাও এর মাশুল দিচ্ছেন। সমুদ্রপথে আমদানি-রপ্তানি পণ্যের প্রায় ৯৬ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হওয়ায় মূলত এ বন্দর থেকে আর্থিক ক্ষতির মাশুল শুরু হচ্ছে সারা দেশের ব্যবসায়ীদের।
২৬ নভেম্বর থেকে দুটি শুক্রবার বাদে প্রায় ১৪ দিনের অবরোধে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন আমদানি-রপ্তানিকারকেরা। বন্দর চত্বর, ডিপো,
গুদামে আটকা পড়েছে পণ্য। তিন দিন আগে থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকে পড়া পণ্য আনা-নেওয়া হলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘পণ্য যেখানে বাধা পাবে, সেখান থেকে আর্থিক ক্ষতিও শুরু হয়। এখন অবরোধে পণ্য খালাস করতে না পারায় আমরা বন্দরের বাড়তি ভাড়া দিচ্ছি। পণ্য পরিবহনেও বাড়তি ভাড়া শোধ করতে হচ্ছে।’
এদিকে ঝুঁকি দেখিয়ে পরিবহন কোম্পানি নিচ্ছে দ্বিগুণ ভাড়া। বিজিএমইএর বন্দর ও শিপিংবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হরতাল-অবরোধে ব্যাংক, বন্দর, পরিবহন কোম্পানি যে যার পাওনা বুঝে নিচ্ছে। আমরা কোথাও ছাড় পাচ্ছি না। এতে ক্ষতির মাত্রা আরও বাড়ে।’
অন্যদিকে রপ্তানি পণ্যের ক্ষেত্রে বন্দরে নোঙর করা জাহাজগুলো এখন চাহিদানুযায়ী পণ্য পাচ্ছে না। বৃহস্পতিবার বন্দরের পরিবহন বিভাগের পরিচালকের কক্ষে অবস্থান করে দেখা যায়, নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি না হওয়ায় জাহাজ কোম্পানির প্রতিনিধিরা জাহাজের অবস্থান সময় বাড়ানোর আবেদন জানাচ্ছেন।
নির্ধারিত সময়ের পরে রপ্তানি পণ্যের জাহাজীকরণের হার বাড়ছে। রপ্তানি পণ্য কারখানা থেকে মহাসড়ক ব্যবহার করে ডিপোতে পৌঁছানো এবং ডিপোতে কনটেইনার বোঝাই করে বন্দর দিয়ে জাহাজে তোলার কার্যক্রম এখন স্থবির।
মংলা বন্দর
দেশজুড়ে হরতাল-অবরোধের কারণে মংলা বন্দরে পণ্য খালাসে কোনো সমস্যা না হলেও পণ্য পরিবহন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা।
মংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত নভেম্বর মাসে মংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা ছিল ২৫টি। অধিকাংশ জাহাজ সিমেন্টের কাঁচামাল (ফ্লাই অ্যাশ) ও সার নিয়ে এসেছিল। হরতাল-অবরোধে বন্দরের এসব জাহাজ থেকে পণ্য খালাসে কোনো সমস্যা হয়নি।
তবে মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয়ক কমিটির মহাসচিব ও খুলনা চেম্বার ও কমার্সের সহসভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, মাদার ভেসেল থেকে লাইটারেজ ভেসেলে পণ্য খালাস করে সেগুলো নদীতেই অপেক্ষা করতে হয়েছে। নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত নৌবন্দরে পণ্য পৌঁছানো যাচ্ছে না।
১৫ হাজার মেট্রিক টন লবণ নিয়ে ১৮ নভেম্বর একটি জাহাজ মংলা বন্দরে এসেছিল। পাঁচ দিনের মধ্যে পণ্য খালাস করে মংলা বন্দর ত্যাগ করার কথা থাকলেও তার সময় লেগেছে ২২ দিন।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ক্যাপ্টেন রফিক বলেন, একটি বিদেশি জাহাজের দৈনিক ভাড়া দেওয়া লাগে ১০ থেকে ১২ হাজার ডলার। ফলে নির্দিষ্ট সময়ের বেশি জাহাজ বন্দরে থাকলে তার জন্য বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি গুনতে হচ্ছে। আবার লাইটারেজ জাহাজ ও কার্গোগুলোও ঠিক সময়ে কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, বন্দরে আমদানিকৃত পণ্য নির্দিষ্ট সময়ে খালাস করা সম্ভব হলেও রপ্তানিযোগ্য পণ্য নির্দিষ্ট সময়ে বন্দরে পৌঁছাতে পারছে না। ফলে জাহাজগুলোর শিডিউলে দারুণ সমস্যা হচ্ছে।