ফুর্তি করলে বাড়তি কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল-রেস্তোরাঁয় ডিজে পার্টির আয়োজন করলে, সেখানে বসে মদ পান করলে ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক দিতে হবে
হোটেল-রেস্তোরাঁয় ডিজে পার্টির আয়োজন করলে, সেখানে বসে মদ পান করলে ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক দিতে হবে

বন্ধুবান্ধব নিয়ে হইহুল্লোড়, নাচানাচি, গানবাজনা হবে। আনন্দ-ফুর্তি করবেন। ডিজে পার্টিতে মজবেন। সাবধান, কর কর্মকর্তাদের চোখ আপনার ওপর আছে।
২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুযায়ী, হোটেল-রেস্তোরাঁয় যেকোনো ধরনের ‘ফ্লোর শো’র আয়োজন করলে বিল পরিশোধের সময় ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক দিতে হবে৷ হোটেল ও রেস্তোরাঁ কর্তৃপক্ষই আয়োজকদের কাছ থেকে টাকা আদায় করে তা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোষাগারে জমা দেবে। তাই এ ধরনের আনন্দ-ফুর্তির আয়োজনে খরচ বাড়বে।
বর্তমানে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের অভিজাত এলাকায় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় জম্মদিন, গায়েহলুদ, পুনর্মিলনীসহ নানা সামাজিক অনুষ্ঠানে ডিজে পার্টির আয়োজন করা হয়। নিয়মিতভাবে মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক ডিজে পার্টিরও আয়োজন করা হয়ে থাকে। বছরে এক দিনও যদি ডিজে পার্টির আয়োজন করা হয়, তবু সম্পূরক শুল্ক দিতে হবে।
ডিজে পার্টিগুলোতে সাধারণত বিত্তবান পরিবারের সন্তানেরা আনন্দ-ফুর্তি, নাচানাচি করেন। চলে গানবাজনাও। এসব ডিজে পার্টিতে মূলত তরুণ-তরুণীরাই অংশ নেন।
মদপানেও বাড়তি কর
হোটেল-রেস্তোরাঁয় বসে মদ পান করলে বাড়তি কর দিতে হবে। এসব জায়গায় বসে মদ পান করলে ১০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আদায় করবে কর কর্তৃপক্ষ। মূলত মদপানকে অনুৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারকা হোটেল ও বারগুলোতে গ্রাহকদের মদজাতীয় পানীয় সরবরাহ করা হয়ে থাকে। এত দিন এ ধরনের সেবার ওপর শুধু ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) প্রযোজ্য ছিল৷ এখন বাড়তি যোগ হলো সম্পূরক শুল্ক৷