ফুলবাড়ী ও বাংলাবান্ধা বাণিজ্যপথের উদ্বোধন ২২ জানুয়ারি
পশ্চিমবঙ্গের ফুলবাড়ী ও বাংলাদেশের বাংলাবান্ধা সীমান্তপথে ২২ জানুয়ারি থেকে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু হচ্ছে।এ দিন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই সীমান্তপথের উদ্বোধন করবেন ২২ জানুয়ারি। ফুলবাড়ীর অবস্থান পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় আর বাংলাবান্ধা হচ্ছে বাংলাদেশের পঞ্চগড় জেলায়। ফেডারেশন অব এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সাধারণ সম্পাদক তপন দাস প্রথম আলোকে বলেন, এই পথে বাণিজ্য শুরু হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের সীমান্ত-বাণিজ্য আরও সহজ হবে। বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যেও বাণিজ্য বাড়বে। পশ্চিমবঙ্গের পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য গত রোববার শিলিগুড়িতে এই সীমান্তপথটি উদ্বোধনের কথা জানান। ইতিমধ্যে আট কোটি ৭১ লাখ রুপি খরচ করে ফুলবাড়ী সীমান্তের উন্নয়ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। এই পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের সুযোগ থাকবে।