ফুলবাড়ী-বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বাংলাবান্ধা ও পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ভারত ও নেপালের সঙ্গে বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালুর মাত্র দিন দুয়েকের মধ্যেই তা হোঁচট খেয়েছে। ভারতীয় শ্রমিকেরা ফুলবাড়িতে ঘর্মঘট ডাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গত শনিবার এই বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন। রোববার ভারতে সরকারি ছুটির কারণে কার্যক্রম বন্ধ থাকে। আর গতকাল সোমবার ভারতীয় শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে এই সীমান্ত পথে পণ্য আমদানি-রপ্তানি করা যায়নি বলে স্থানীয় সিঅ্যান্ডএফরা জানান। এতে নিজেদের আর্থিক ক্ষতি হওয়ার পাশাপাশি পণ্য পরিবহনের জন্য বাংলাবান্ধা স্থলবন্দরে অপেক্ষমাণ গাড়ির চালকেরাও দুর্ভোগে পড়েছেন বলে তাঁরা উল্লেখ করেন।স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম ও এজেন্ট নাহিরুল ইসলাম প্রথম আলোকে জানান, নেপাল থেকে গতকাল সোমবার ৩০০ টন মশুর ডাল আমদানি ও বাংলাদেশ থেকে নেপালে এক ট্রাক ব্যাটারি রপ্তানি করার কথা ছিল। কিন্তু ফুলবাড়ী স্থলবন্দরে ধর্মঘট ডাকা ভারতীয় শ্রমিকেরা গতকাল বাংলাদেশ অভিমুখে নেপালি পণ্য পরিবহনকারী ট্রাকের প্রবেশে বাধা দেয়। এ জন্য কোনো নেপালি ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।এ প্রসঙ্গে নেপালের সিঅ্যান্ডএফ এজেন্ট নবীন রাখাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, ভারত-বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি অনুযায়ী নেপালি ও ভারতীয় পণ্যবাহী সব ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরের ওয়্যারহাউসে আনলোড হওয়ার কথা। কিন্তু ভারতীয় শ্রমিকেরা নেপালি পণ্যবাহী ট্রাকগুলো থেকে জিরো পয়েন্টে পণ্য লোড-আনলোড করার দাবিতে ধর্মঘট ডেকে অচলাবস্থার সৃষ্টি করেছে।সিঅ্যান্ডএফ এজেন্ট সফিকুর রহমান ও আলাউদ্দিন আহাম্মেদ প্রথম আলোকে জানান, বাংলাবান্ধা স্থলবন্দরে সারা দিন অপেক্ষা করেও পণ্য আমদানি না হওয়ায় সন্ধ্যায় তাঁদের শূন্য হাতে ফিরে আসতে হয়েছে। এতে তাঁদের একদিকে দুর্ভোগ পোহাতে হয় অন্যদিকে আর্থিক ক্ষতির শিকার হতে হয়।সূত্রমতে, শ্রমিক ধর্মঘটের বিষয়ে নেপালি ব্যবসায়ীরা ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন। সে অনুযায়ী আজ মঙ্গলবার ধর্মঘটের অবসান হলে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ফের পণ্য আমদানি-রপ্তানি শুরু করা যাবে বলে ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন।