ফুলের চাষ আর শতরঞ্জি যাঁদের উদ্যোক্তা বানাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের অঞ্জু সরকার। একসময় অন্যের বাড়িতে কাজ করতেন। পরে অল্প পরিসরে ফুলের চাষ শুরু করেন। রাতে সেই ফুল দিয়ে মালা গেঁথে সকালে বাজারে বিক্রি করতেন। তারপর ১৫-১৬ বছর কেটে গেছে। আজ অঞ্জু সরকার একজন সফল ফুল ব্যবসায়ী।
কেশবপুরের মূলগ্রামে বর্তমানে নিজের কেনা ৩৬০ শতক জমিতে রজনীগন্ধা, গাঁদা, টিউলিপ, গোলাপসহ বিভিন্ন জাতের ফুলের চাষ করেন অঞ্জু। এতে কাজ করেন ৩৫ জন শ্রমিক। যশোর ও খুলনায় ফুল বিক্রির জন্য তিনটি দোকান দিয়েছেন। সেখান থেকেই প্রতি মাসে ৮০ থেকে ৯০ হাজার টাকার ফুল বিক্রি হয়। জাতীয় দিবস কিংবা পয়লা বৈশাখের মতো উৎসবে এই বিক্রি লাখ টাকা ছাড়িয়ে যায়। শুধু পরিশ্রম আর একাগ্রতা দিয়ে আজকের অবস্থানে আসা অঞ্জু সরকার নিজের এলাকার উদ্যোক্তাদের জন্য এক দৃষ্টান্ত। সবার কাছে তিনি ‘ফুল বউদি’ নামে পরিচিত।
আর এই সফল উদ্যোক্তা পেয়েছেন ‘নবম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার’। তিনি শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে রানারআপ হয়েছেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের কাছ থেকে অঞ্জু পুরস্কারের এক লাখ টাকা ও ক্রেস্ট গ্রহণ করেন।
কেশবপুরের মূলগ্রাম থেকে গত মঙ্গলবার অঞ্জু সরকার মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘কী অভাবের মধ্যে যে ছিলাম, তা বলে বোঝাতে পারব না। একমুঠো ভাতের জন্য অন্যের বাড়িতে কাজ করতাম। দুই ছেলেকে পেটে-ভাতে কাজে দিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘ফুলের ব্যবসা করে সংসারের অবস্থা ঘুরে গেছে। ব্যবসার কাজের জন্য প্রাইভেট কার কিনেছি। বড় ছেলে রূপচাঁদ সরকারকে নয় বছর আগে বিদেশ পাঠিয়েছি। বাজারে জমি কিনেছি, বিল্ডিং করব।’
ফুল ব্যবসায় কীভাবে এলেন, জানতে চাইলে অঞ্জু বলেন, ‘অভাবের তাড়নায় রাগ করে একবার ছেলেদের নিয়ে ভারতে আমার বোনের বাড়ি চলে যাই। সেখানে দেখি লোকজন ফুলের চাষ করে। আমিও তাঁদের সঙ্গে কিছুদিন কাজ করি। তারপর ভািব, দেশে গিয়ে আমিও তো এই কাজ করতে পারি। তারপর কিছু ফুলের চারা নিয়ে গ্রামে চলে আসি। বাড়ির পাশের একজনের পরিত্যক্ত জমিতে বলেকয়ে সেগুলো লাগাই।’ এসব কোন সালের ঘটনা, জানতে চাইলে অঞ্জু বলেন, ‘আমি তো লেখাপড়া জানি না। সালটাল এত মনে নেই। তবে ধরেন ১৫-১৬ বছর তো হবেই।’
কেশবপুরের এই ‘ফুল বউদি’ আরও বলেন, ‘ফুলের চাষ নিয়ে প্রথম প্রথম লোকজন ঠাট্টা-তামাশা করত। কিন্তু আমি দমে যাইনি। গাছের গাঁদা ফুল দিয়ে মালা গেঁথে সকালে বাজারে নিয়ে বিক্রি করতাম। তারপর ঢাকার আহ্ছানিয়া মিশন থেকে ২৫ হাজার টাকা ঋণ নিয়ে একটি জমি বন্ধক নিই। সেই জমিতেই বড় আকারে ফুলের চাষ শুরু...।’ বিএ পাস করা ছোট ছেলে রত্নাকার সরকার ও স্বামী সন্তোষ সরকার এখন ফুল ব্যবসায় সহযোগিতা করেন বলে জানালেন তিনি।
অঞ্জুর মতো আরেক সফল ক্ষুদ্র উদ্যোক্তা হচ্ছেন নীলফামারীর কচুকাটা গ্রামের জাহিরা বেগম। ২০০৯ সালে বেসরকাির উন্নয়ন সংস্থা (এনজিও) আরডিআরএস বাংলাদেশ থেকে ৪৫ দিনের প্রশিক্ষণ আর পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে নিজের বাড়িতে সুতা দিয়ে শতরঞ্জি তৈরি শুরু করেন। তখন তাঁর সঙ্গে ১০ জন নারী কাজ করতেন।
গত পাঁচ বছরে নিজের চেষ্টা আর পরিশ্রমে বাড়ির পাশেই ‘ম্যাটপল্লী’ নামে একটি কারখানা গড়ে তুলেছেন। শুরুতে মাসে মাত্র ১০০ পিস শতরঞ্জি বিক্রি হতো। তবে এখন তাঁর পণ্যের চাহিদা বেড়েছে। সৈয়দপুর, রংপুর ও দিনাজপুরের ব্যবসায়ীরা প্রতি মাসে জাহিরার কারখানা থেকে ৪০০ পিসের মতো শতরঞ্জি কেনেন। আর তাঁর কারখানায় কাজ করেন ৭৫ জন নারী।
কচুকাটা গ্রামের কারখানা থেকে জাহিরা বেগম মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা মুনাফা থাকে।’ তিনি আরও বলেন, ‘শতরঞ্জি বানিয়ে এখন ভালোই আছি। সংসারে সচ্ছলতা এসেছে। এক ছেলে স্কুলে পড়ে। জমি বন্ধক নিয়েছি, গরু কিনেছি আর ব্যাংকেও কিছু টাকা জমিয়েছি।’
অবশ্য এ পর্যন্ত এসেই থেমে থাকতে চান না জাহিরা। জানালেন, নীলফামারী শহরে নিজের একটি বিক্রয়কেন্দ্র দিতে চান। একই সঙ্গে গ্রামের আরও নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান এই ক্ষুদ্র নারী উদ্যোক্তা।
জাহিরা শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে রানারআপের পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ টাকা ও ক্রেস্ট৷
এ ছাড়া এবার সিটি ক্ষুদ্র উদ্যোক্তার পুরস্কারে শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে বিজয়ী হয়েছেন ঠাকুরগাঁওয়ের সামসাদ আক্তার এবং রানারআপ সাতক্ষীরার সামিরুন্নাহার বেগম৷ শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে বিজয়ী ময়মনসিংহের রোখসানা বেগম; শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগে বিজয়ী বরগুনার মো. ছোমেদ ফকির; শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বিভাগে মানবিক সাহায্য সংস্থা এবং শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান বিভাগে সাজেদা ফাউন্ডেশন।
আর্থিক প্রতিষ্ঠান সিটি গ্রুপের সিটি ফাউন্ডেশন এ পুরস্কার দিয়ে আসছে। এতে সহায়তা দিচ্ছে সিটিব্যাংক এনএ এবং ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)।
আয়োজকেরা জানান, ক্ষুদ্র উদ্যোক্তা ও আর্থিক প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদানের পাশাপাশি ক্ষুদ্র শিল্প স্থাপনে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
শনিবারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, সিটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের করপোরেট অ্যাফেয়ার্স-প্রধান রিচার্ড টেসভিক প্রমুখ।
চলুন আবার ফিরে যাই অঞ্জু সরকারের কাছে। পুরস্কার পাওয়ায় তিনি খুবই খুশি। নতুন উদ্যোক্তাদের জন্য কী পরামর্শ—এমন প্রশ্নের জবাবে তাঁর সহজ-সরল কথা, ‘আমার সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের আমি সব সময়ই বলি, পরিশ্রম করো। একদিন ফল পাবেই।’ অঞ্জু সরকার তো সেটি করিয়ে দেখিয়েছেন।