সিলেটের ফেঞ্চুুগঞ্জে ২৪ মার্চ শাহজালাল সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। কারখানাটি গড়ে তুলতে প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয় হবে।দীর্ঘ ২২ বছর পর দেশে এ ধরনের সার কারখানা স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে। চীনের সহায়তায় এবং যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প মন্ত্রণালয় এককভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।চলতি ২০১১-১২ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতাভুক্ত প্রকল্পগুলো বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে সম্প্রতি এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ তথ্য জানান।সভায় শিল্পমন্ত্রী বলেন, ‘বিগত তিন অর্থবছরে শিল্প মন্ত্রণালয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের শতকরা ৯৮ থেকে ৯৯ ভাগ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে, যা চলতি অর্থবছরেও অব্যাহত রাখতে হবে।’ এ ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য হবে না বলে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে দেন। মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর, অধিদপ্তর ও সংস্থার প্রধান, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক, আইএমইডি ও পরিকল্পনা কমিশনের প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, মহাজোট সরকার কর্ণফুলী পেপার মিলসকে (কেপিএম) একটি আধুনিক কাগজ উৎপাদন কারখানা হিসেবে গড়ে তুলবে। এ কারখানায় উৎপাদিত কাগজের গুণগত মান অব্যাহত রাখার পাশাপাশি উৎপাদনক্ষমতা বাড়াতে অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ করা হবে। রাষ্ট্রায়ত্ত এ কারখানায় উৎপাদন ব্যাহত হলে বাজারে কাগজের মূল্যনিয়ন্ত্রণ ও বিনা মূল্যে সরকারি বই সরবরাহের চলমান ধারা বাধাগ্রস্ত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।