ফেড ও সুইফটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না বাংলাদেশ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ও সুইফটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না বাংলাদেশ ব্যাংক। এর পরিবর্তে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া অর্থ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার উদ্ধারে ওই দুটি প্রতিষ্ঠানের সহায়তা চাওয়া হবে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেছেন, ‘এই মুহূর্তে ফেড ব্যাংক বা সুইফটের (আন্তর্জাতিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী সংস্থা) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কোনো চিন্তাভাবনা নেই আমাদের। বরং আমরা ওই দুই সংস্থার সহায়তা চাইব।’
গত ফেব্রুয়ারিতে সুইফটের মাধ্যমে বার্তা পাঠিয়ে নিউইয়র্ক ফেডে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার স্থানান্তর করা হয় ফিলিপাইনে। আর দুই কোটি ডলার স্থানান্তর হয় শ্রীলঙ্কায়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শ্রীলঙ্কায় যাওয়া রিজার্ভের দুই কোটি ডলার ফেরত পাওয়া গেছে। আর ফিলিপাইনে যাওয়া অর্থের সিংহভাগই এখনো উদ্ধার হয়নি।
শুভংকর সাহা আরও বলেন, ‘আমরা শুধু বিভিন্ন দিক যাচাই-বাছাই করেছি। এর মধ্যে আইনি বিষয়ও আছে। আমরা সহযোগিতা পাওয়ার বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছি।’